চাঁপাইনবাবগঞ্জে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ১০ পিস ইয়াবাসহ কবিতা খাতুন (৩১) নামে এক নারীকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাঁর স্বামী বিপ্লব হোসেন (৩৭) পালিয়ে যান।
বুধবার (১৪ অক্টোবর) সকাল সাড়ে ৬টা থেকে ৭টার মধ্যে সদর মডেল থানার জিয়ানগর হাড্ডিপট্টি এলাকায় এ অভিযান চালানো হয়। এ সময় কবিতা খাতুনের কাছ থেকে ১০ পিস ইয়াবা ও নগদ ১ হাজার ৯৬০ টাকা উদ্ধার করা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মো. রফিকুল ইসলাম এ ঘটনায় বাদী হয়ে মামলা দায়েরের উদ্যোগ নিয়েছেন।
উল্লেখ্য, গত মঙ্গলবার একই এলাকা থেকে ৫০ পিস ইয়াবাসহ আরেক দম্পতিকে আটক করা হয়। চাঁপাইনবাবগঞ্জ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক চৌধুরী ইমরুল হাসান জানান, মাদকের বিস্তার রোধে অভিযান অব্যাহত থাকবে।






