ঠাকুরগাঁওয়ের ভূল্লী উপজেলার আউলিয়াপুর ইউনিয়নের ভাতগাঁওয়ে শ্রী শ্রী রসিক রায় জিউ মন্দিরে দুর্গা প্রতিমা প্রবেশকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ হয়েছে। এতে উভয় পক্ষের অন্তত আটজন আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে মন্দির এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
বৃহস্পতিবার (১ অক্টোবর) সকালে প্রতিমা মন্দিরে প্রবেশ করানোর সময় প্রথমে দুই পক্ষের মধ্যে বাগ্বিতণ্ডা হয়। পরে তা সংঘর্ষে রূপ নেয়। একপর্যায়ে ইটপাটকেল নিক্ষেপের ঘটনায় মন্দির এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।
স্থানীয়রা জানান, মন্দিরের জমি ও পূজা উদযাপন নিয়ে দুই পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ রয়েছে। স্থানীয় সনাতনী সম্প্রদায়ের দাবি, জমি সংক্রান্ত বিষয়ে হাইকোর্টের রায় তাদের পক্ষে রয়েছে। তবে ইসকন সমর্থকেরা সেখানে অবস্থান করছেন বলে অভিযোগ তাদের।
মন্দিরের সেবায়েত অপু শর্মা অভিযোগ করেন, প্রতিমা প্রবেশের সময় ইসকনপন্থীরা বাধা দিলে কথা-কাটাকাটির পর সংঘর্ষ হয়। এ সময় কয়েকজন আহত হয়েছেন। তিনি ঘটনার তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
তবে এসব অভিযোগের বিষয়ে ইসকন পক্ষের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।
ঠাকুরগাঁওয়ের পুলিশ সুপার বেলাল হোসেন জানান, মন্দিরের জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে মারামারি হয়েছে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
তিনি আরও জানান, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে তদন্তসাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। আসন্ন দুর্গোৎসবকে কেন্দ্র করে যাতে নতুন করে কোনো অপ্রীতিকর পরিস্থিতি না ঘটে, সে জন্য দুই পক্ষের সঙ্গে আলোচনা চলছে।






