সারাদেশ

চট্টগ্রামে গ্রেপ্তার ৬২ বিদেশির ২ দিনের রিমান্ড মঞ্জুর

আন্তর্জাতিক অনলাইন প্রতারণা চক্রের সঙ্গে জড়িত থাকার অভিযোগে চট্টগ্রামের খুলশী থেকে গ্রেপ্তার ৬২ বিদেশি নাগরিক ও তাদের বাংলাদেশি সহযোগী মোহাম্মদ মহসিনের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। একই মামলায় গ্রেপ্তার ৬৩ বিদেশি নাগরিকের মধ্যে একজন শিশু থাকায় তাকে মামলার আসামি না দেখানোর নির্দেশ দিয়েছে আদালত।

মঙ্গলবার সকালে চট্টগ্রাম মহানগর আদালতে পুলিশের করা সাত দিনের রিমান্ড আবেদনের শুনানি শেষে অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) মো. মহিদুল ইসলাম এই আদেশ দেন।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (ডিসি-প্রসিকিউশন) ভারপ্রাপ্ত মোহাম্মদ হাসান ইকবাল চৌধুরী বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, ৬৩ বিদেশি নাগরিকের মধ্যে একজন শিশু। আদালত তাকে বাদ দিয়ে বাকি ৬২ জনকে মামলায় আসামি হিসেবে দেখানোর নির্দেশ দিয়েছে। ওই ৬২ বিদেশি ও তাদের সহযোগী বাংলাদেশি নাগরিক মহসিনের দুই দিন করে রিমান্ড মঞ্জুর করা হয়েছে। একই সঙ্গে ২০ কর্মদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দিয়েছে আদালত। এ সময় আদালতে সব আসামি উপস্থিত ছিলেন।

তিনি আরও বলেন, দুপুর একটার দিকে বাংলাদেশি নাগরিক মহসিনকে এই মামলায় গ্রেপ্তার দেখানোর বিষয়ে শুনানি হওয়ার কথা রয়েছে।

এর আগে গত ১৩ সেপ্টেম্বর ৬৩ বিদেশি নাগরিক ও তাদের সহযোগী হিসেবে গ্রেপ্তার এক বাংলাদেশি নাগরিককে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিন করে রিমান্ড চেয়ে আদালতে আবেদন করে কাউন্টার টেরোরিজম ইউনিট (সিটিসি)। ওই আবেদনের শুনানি শেষে মঙ্গলবার দুই দিনের রিমান্ড মঞ্জুর করে আদালত।

পুলিশ জানিয়েছে, গত ১১ সেপ্টেম্বর নগরের খুলশী থানার কৃষ্ণচূড়া আবাসিক এলাকার ৪ নম্বর সড়কের একটি আটতলা ভবনে অভিযান চালানো হয়। সিটিসি, এলআইসি শাখা, র‍্যাবসহ বিভিন্ন জাতীয় গোয়েন্দা সংস্থার সদস্যরা যৌথভাবে ওই অভিযান পরিচালনা করেন।

অভিযানে ভবনটির বিভিন্ন তলায় সার্ভার স্টেশন এবং অনলাইন কার্যক্রম পরিচালনায় ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম পাওয়া যায়। সেখান থেকে অনলাইন প্রতারণায় ব্যবহারের অভিযোগে বেশ কিছু মোবাইল ফোন, ল্যাপটপ, কম্পিউটারসহ বিভিন্ন ধরনের ইলেকট্রনিক ডিভাইস জব্দ করা হয় বলে পুলিশ জানিয়েছে।

অভিযানের সময় ভবনটিতে ৬৩ বিদেশি নাগরিক অবস্থান করছিলেন। তাদের কারও কাছেই পাসপোর্ট পাওয়া যায়নি। পরে তাদের আটক করে জিজ্ঞাসাবাদ করা হয় এবং সংশ্লিষ্টতার অভিযোগে গ্রেপ্তার দেখানো হয়।

নিউজ ডেস্ক:

Leave a Reply