আন্তর্জাতিক

ভারতে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত, ২ পাইলট নিহত

ভারতের উত্তরপ্রদেশের কানপুরে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে দুই পাইলট নিহত হয়েছেন। বৃহস্পতিবার গঙ্গা নদীর তীরবর্তী একটি মাঠে দুই ইঞ্জিনবিশিষ্ট চার আসনের প্রশিক্ষণ বিমানটি বিধ্বস্ত হয়। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। নিহতরা হলেন গুজরাটের শচিন ভাটিয়া এবং কর্নাটকের অভিষেক পূজারি। পুলিশ জানিয়েছে, তাদের একজন প্রশিক্ষণার্থী এবং অন্যজন প্রশিক্ষক ছিলেন।

স্থানীয় কর্মকর্তাদের তথ্য অনুযায়ী, তারা কানপুরের গার্গ এভিয়েশন প্রশিক্ষণ কেন্দ্র থেকে সকাল সাড়ে ১১টার দিকে উড্ডয়ন করেন। প্রায় ২০ মিনিট পর প্রশিক্ষণ কেন্দ্রে ফেরার সময় বিমানটি নিয়ন্ত্রণ হারিয়ে বিধ্বস্ত হয়।

কানপুর নগরের পুলিশ কমিশনার রঘুবীর লাল জানান, নিহত প্রশিক্ষকের প্রায় ৩ হাজার ঘণ্টা উড্ডয়নের অভিজ্ঞতা ছিল। দুর্ঘটনার বিষয়টি ভারতের বেসামরিক বিমান চলাচল মহাপরিচালকের দপ্তরকে জানানো হয়েছে। তাদের একটি দল ঘটনাটি তদন্ত করবে।

দুর্ঘটনার খবর পেয়ে জরুরি সেবা সংস্থা ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে ছুটে যান। দুর্ঘটনাস্থলের দৃশ্যে বিমানটির ধ্বংসাবশেষ ছড়িয়ে-ছিটিয়ে থাকতে দেখা যায়। বিমানের ধাতব অংশগুলো দুমড়েমুচড়ে যায় এবং ডানা ও সাদা প্যানেলের বিভিন্ন অংশ ভেঙে পড়ে।

তবে কী কারণে বিমানটি নিয়ন্ত্রণ হারিয়েছিল, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। কর্মকর্তারা জানিয়েছেন, দুর্ঘটনার সঠিক কারণ জানতে তদন্ত চলছে।

জানা গেছে, দুর্ঘটনাকবলিত প্রশিক্ষণ বিমানটি ২০২৩ সালে প্রশিক্ষণ কেন্দ্রটিতে আনা হয়েছিল। এ ঘটনায় উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ দুই পাইলটের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। তিনি নিহতদের আত্মার শান্তি কামনা করার পাশাপাশি শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের এই অপূরণীয় ক্ষতি সহ্য করার শক্তি কামনা করেছেন।

সূত্র: এনডিটিভি

নিউজ ডেস্ক:

Leave a Reply