হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার গাজীপুর ইউনিয়ন জামায়াতের আমির নুরুল ইসলাম সাজলকে নারী-সংক্রান্ত অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ায় দল থেকে বহিষ্কার করা হয়েছে। দলীয় শৃঙ্খলা রক্ষার স্বার্থে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে উপজেলা জামায়াত।
স্থানীয় ও দলীয় সূত্রে জানা যায়, গত ৫ আগস্ট দিবাগত রাত আনুমানিক ২টার দিকে উপজেলার গজারিয়াপাড়া এলাকায় এক শারীরিক প্রতিবন্ধী জামায়াতকর্মীর স্ত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় নুরুল ইসলাম সাজলকে দেখতে পেয়ে স্থানীয় লোকজন তাকে আটক করেন। পরে সুষ্ঠু বিচারের আশ্বাস দিয়ে গাজীপুর ইউনিয়ন জামায়াতের সাধারণ সম্পাদক মিজান মিয়া এবং সাজলের বড় ভাই কাজল মিয়া তাকে নিজেদের জিম্মায় নিয়ে যান।
ভুক্তভোগী গৃহবধূর স্বামী দাবি করেন, রাতে তিনি নিজের স্ত্রীকে নুরুল ইসলাম সাজলের সঙ্গে আপত্তিকর অবস্থায় দেখে প্রতিবেশীদের ডাক দেন। পরে স্থানীয় লোকজন এসে তাকে আটক করেন। পরবর্তীতে স্থানীয়ভাবে বিষয়টির সুষ্ঠু নিষ্পত্তির আশ্বাস দেওয়া হলে তাকে ছেড়ে দেওয়া হয়।
চুনারুঘাট উপজেলা জামায়াতের সাধারণ সম্পাদক মীর সাহেব আলী বলেন, প্রাথমিক তদন্তে অভিযোগের সত্যতা পাওয়ায় দলীয় শৃঙ্খলা বজায় রাখতে নুরুল ইসলাম সাজলকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে।
অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে নুরুল ইসলাম সাজলের ব্যক্তিগত মোবাইল নম্বরে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও নম্বরটি বন্ধ পাওয়া যায়। ফলে তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
এ বিষয়ে চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে জেনেছি। তবে এ ঘটনায় এখনো থানায় কোনো লিখিত অভিযোগ দায়ের হয়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।






