সারাদেশ

মানবধর্মের জয়গানে মুখর নরসিংদীর বাউল মেলা

নরসিংদী শহরের মেঘনা নদীর তীরে ভক্ত ও পূণ্যার্থীর ভিড়ে মুখর হয়ে উঠেছে ঐতিহ্যবাহী বাউল মেলা। মেলায় ভারতসহ দেশের বিভিন্ন স্থান থেকে আসা কয়েক শ বাউল সাধক যোগ দিয়েছেন।

বাউলরা বাদ্যযন্ত্রের তালে তালে মানব ধর্ম ও সাম্যের জয়ধ্বনী করছেন।

বাউল সম্প্রদায়ের নিয়ম অনুযায়ী প্রায় সাত শ বছর ধরে মাঘী পূর্ণিমা তিথীতে শহরের কাউরিয়াপাড়ার শ্রী শ্রী বাউল ঠাকুরের আখড়ায় এ মেলার আয়োজন করা হয়। বুধবার থেকে শুরু হওয়া বাউল মেলা চলবে আগামী মঙ্গলবার পর্যন্ত।

বাউল সাধকরা জানান, এ আখড়ায় বাউল ঠাকুরের অন্তর্ধান হয়েছিল। বাউল আখড়ায় জগন্নাথ দেবতার মন্দির রয়েছে। মন্দিরে মহাবিষ্ণুর পূর্ণাঙ্গ প্রতিমা, জগন্নাথ দেবতার প্রতিমা, মা গঙ্গার গট, নাগ দেবতার বিগ্রহ ও শিবলিঙ্গ রয়েছে, যা বাউল ঠাকুর নিজে প্রতিস্থাপন করে গেছেন বলে কথিত রয়েছে। পাশে রয়েছে বাউল ঠাকুর ও মাতাজির সমাধি মন্দির। সবার মাঝখানে রয়েছে উপাসনার জন্য বিশাল আটচালা বৈঠক ঘর।

সে ঘরেই দেশ-বিদেশের বাউল সাধকরা সকাল থেকে গভীর রাত পর্যন্ত বৈঠকে মিলিত হচ্ছে। এ আখড়ার বৈঠক প্রচলিত বৈঠকের মতো নয়। এ বৈঠকে কেউ কথা বলেন না। শুধু সাধকের গাওয়া গানের মর্মার্থ উদ্ধার করার চেষ্টা করা হয়। বৈঠক ঘরে গান গাইছিল দীপক রঞ্জন দেবনাথ।

তিনি বলেন, আমাদের গাওয়া গানগুলো সাধারণ বাউল সংগীত না। এগুলো শত শত বছর ধরে চলে আসা আধ্যাত্মিক ও মানবতার গান। মানবের কল্যাণের নিমিত্তেই আমাদের এসব পরিবেশনা।

Leave a Reply