বাংলাদেশ কৃষি ব্যাংক সকল শাখা ও আঞ্চলিক কার্যালয়ে নারী ও প্রতিবন্ধী গ্রাহকদের জন্য উপযোগী পরিবেশ নিশ্চিত করতে নির্দেশনা দিয়েছে। একই সঙ্গে আর্থিক কার্যক্রমেও স্থিতিশীলতা ধরে রেখে প্রতিষ্ঠানটি জাতীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে।
নির্দেশনায় বলা হয়েছে, প্রতিটি শাখায় নারী ও প্রতিবন্ধীদের জন্য পৃথক টয়লেট, র্যাম্প, হ্যান্ডরেল, পর্যাপ্ত আলো-বাতাস ও স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করতে হবে। পাশাপাশি আধুনিক স্যানিটেশন ব্যবস্থাও চালু করতে হবে।
প্রতিবন্ধী গ্রাহকদের সহজ চলাচল ও সেবা গ্রহণ নিশ্চিত করতে বিশেষ ডিজাইন অনুসরণের কথাও বলা হয়েছে।
প্রতিটি শাখা ও কার্যালয়কে নির্ধারিত ফরমে প্রত্যয়ন দিতে হবে, যেখানে উল্লেখ থাকবে সুবিধাগুলো বাস্তবায়ন হয়েছে কিনা। বাস্তবায়ন না হলে কারণ জানাতে হবে।
ব্যাংকিং খাত সংশ্লিষ্টরা বলছেন, কৃষি ব্যাংক দেশের কৃষি অর্থায়ন ও গ্রামীণ অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। প্রতি বছর ঋণ বিতরণ, উৎপাদন সহায়তা এবং অর্থনৈতিক কর্মকাণ্ডে গতি সঞ্চারে এই ব্যাংকের অবদান উল্লেখযোগ্য।
রাষ্ট্রায়ত্ত এই ব্যাংক মুনাফার মাধ্যমে সরকারকে সহায়তা করে এবং জাতীয় অর্থনীতিতে ইতিবাচক প্রভাব রাখে।
নারী ও প্রতিবন্ধীবান্ধব অবকাঠামো নিশ্চিতের এই উদ্যোগকে একটি মানবিক ও সময়োপযোগী সিদ্ধান্ত হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। গ্রাহকসেবাকে আরও আধুনিক, নিরাপদ ও অন্তর্ভুক্তিমূলক করতে এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।






