রাজধানী

পরকীয়ার সন্দেহে দাম্পত্য কলহের জেরে স্ত্রীকে হত্যা, ২৪ ঘণ্টার মধ্যেই রহস্য উদঘাটন

নারায়ণগঞ্জের ফতুল্লা এলাকার আলীগঞ্জ পূর্বপাড়ায় এক গৃহবধূ হত্যার ঘটনার রহস্য মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই উদঘাটন করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। এ ঘটনায় নিহত সাবিনা বেগম ওরফে চম্পা (২২)-এর স্বামী হামিদুল ইসলাম রনি (২৭)কে গ্রেফতার করা হয়েছে।

পুলিশ ও মামলার সূত্রে জানা যায়, গত ১৭ মার্চ রাতে স্বামীর সঙ্গে খাবার শেষে ঘুমাতে যান চম্পা। পরদিন সকালে বাসার বাথরুম সংলগ্ন একটি পরিত্যক্ত কক্ষ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় নিহতের ভাই বাদী হয়ে ফতুল্লা থানায় হত্যা মামলা দায়ের করেন।

মামলাটি পিবিআইয়ের অধীনে আসার পর তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে একই দিন রাতেই অভিযান চালিয়ে আলীগঞ্জ এলাকা থেকে স্বামী রনিকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেন।

পরবর্তীতে ১৯ মার্চ আদালতে হাজির করা হলে তিনি ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেন। তদন্তে জানা গেছে, পরকীয়ার সন্দেহকে কেন্দ্র করে স্বামী-স্ত্রীর মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। ঘটনার রাতে বাকবিতণ্ডার একপর্যায়ে রনি তার স্ত্রীকে মারধর ও শ্বাসরোধ করে হত্যা করেন এবং মরদেহ গোপন স্থানে লুকিয়ে রাখেন।

বর্তমানে মামলার তদন্ত চলমান রয়েছে। এ ঘটনায় অন্য কেউ জড়িত আছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

Leave a Reply