সারাদেশ

হবিগঞ্জে সীমান্তবর্তী জনসাধারণের মাঝে বিজিবির বিনামূল্যে চিকিৎসা ও শিক্ষা উপকরণ বিতরণ

দেশের সীমান্ত রক্ষা, চোরাচালান ও মাদকদ্রব্য পাচার প্রতিরোধের পাশাপাশি সীমান্ত এলাকার সাধারণ মানুষের কল্যাণে কাজ করছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এরই ধারাবাহিকতায় হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) সম্প্রতি তেলিয়াপাড়া সীমান্ত এলাকায় স্থানীয় জনসাধারণের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ এবং স্কুল পড়ুয়া শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করেছে।

সূত্র জানায়, গত ১২ নভেম্বর ২০২৫ তারিখে হবিগঞ্জ ৫৫ বিজিবির অধীনস্থ তেলিয়াপাড়া বিওপি’র দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ তানজিলুর রহমান এর উপস্থিতিতে তেলিয়াপাড়া চা-বাগান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।

একই অনুষ্ঠানে হবিগঞ্জ বিজিবির মেডিক্যাল অফিসার ডাঃ অরন্ধতী মোদক এর নেতৃত্বে একটি মেডিক্যাল টিম প্রায় ২০০ জন সাধারণ মানুষের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় ঔষধ প্রদান করে। অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক, শিক্ষার্থীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এ সময় ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ তানজিলুর রহমান বলেন, “বিজিবি সীমান্ত রক্ষা ও মাদক চোরাচালান দমনের পাশাপাশি সীমান্ত এলাকার সাধারণ মানুষের কল্যাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সমাজের সকল শ্রেণী-পেশার মানুষ নিজ নিজ অবস্থান থেকে দেশ ও জাতির কল্যাণে এগিয়ে এলে অপরাধমুক্ত ও উন্নত সমাজ গঠন সম্ভব।”

Leave a Reply