আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজধানী ঢাকার বিভিন্ন আসনে প্রার্থী তালিকা চূড়ান্তের কাজ এগিয়ে নিচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। দলীয় সূত্রে জানা গেছে, ঢাকার বেশ কয়েকটি আসনের চূড়ান্ত প্রার্থীকে মনোনয়নের জন্য গ্রিন সিগন্যাল দেওয়া হয়েছে।
দলীয় সূত্রে প্রাপ্ত তথ্য অনুযায়ী— ঢাকা-৪ আসনে: তানভীর আহমেদ রবিন, ঢাকা-৬ আসনে: ইশরাক হোসেন, ঢাকা-৯ আসনে: বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী মির্জা আব্বাস, ঢাকা-১৩ আসনে: নাগরিক ঐক্যের আহ্বায়ক ববি হাজ্জাজ, ঢাকা-১৪ আসনে: “মায়ের ডাক” খ্যাত সানজিদা ইসলাম তুলি, ঢাকা-১৫ আসনে: সফিকুল ইসলাম মিলটন, ঢাকা-১৬ আসনে: আমিনুল হক গ্রিনকে সিগন্যাল দেওয়া হয়েছে।
এছাড়া ঢাকা-১৭ আসনটি বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি)-এর সভাপতি ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থকে বিএনপি এবার ছেড়ে দিয়েছে বলে নিশ্চিত করেছে একাধিক নির্ভরযোগ্য সূত্র।
দলীয় সূত্রে জানা গেছে, আওয়ামী লীগ সরকারের আমলে গুম হওয়া বিএনপি নেতা সাজেদুল ইসলাম ওরফে সুমনের বোন এবং নাগরিক আন্দোলন ‘মায়ের ডাক’-এর অন্যতম সমন্বয়কারী সানজিদা ইসলাম তুলি এরইমধ্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ফোনকল পেয়েছেন। তাকে ঢাকা-১৪ আসন থেকে নির্বাচন প্রস্তুতি নিতে নির্দেশ দিয়েছেন তারেক রহমান।
জানা গেছে, তুলি প্রথমে তেজগাঁও আসন (ঢাকা-১২) থেকে প্রার্থী হতে আগ্রহী ছিলেন। তবে সেই আসনে গুম হওয়া ব্যারিস্টার আরমানকে মনোনয়ন দেওয়ার সম্ভাবনা থাকায় তুলি স্থানান্তরিত হচ্ছেন ঢাকা-১৪ আসনে। ফলে এই আসন থেকে বাদ পড়ছেন বিএনপি নেতা এস এ সিদ্দিক সাজু।
এদিকে আন্দালিব রহমান পার্থ এক যুগের বেশি সময় ধরে লড়ে আসছিলেন আওয়ামী শাসনের বিরুদ্ধে। সরকার ও ক্ষমতাসীন দলের অনিয়ম-দুর্নীতির বিরুদ্ধে জাতীয় সংসদে উচ্চকণ্ঠ ছিলেন তিনি। এ জন্য শেখ হাসিনা সরকারের রোষানলে পড়ে একাধিকবার কারাগারে যেতে হয় তাকে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময়ও তাকে গ্রেপ্তার কর সরকার। শেখ হাসিনা সরকারের টানা ১৫ বছরের শাসনামলে বহু মামলার শিকার হন এই জনপ্রিয় তরুণ নেতা। বিএনপির শীর্ষস্থানীয় নেতাদের বরাতে জানা যায়, আসন্ন নির্বাচনে ঐক্যবদ্ধ জোট গঠনের অংশ হিসেবে ব্যারিস্টার পার্থকে ঢাকা-১৭ আসনটি ছেড়ে দেওয়া হয়েছে। গুলশান এলাকার বিএনপি নেতাকর্মীরা জানান, আন্দালিব রহমান পার্থের মনোনয়নের বিষয়ে দল থেকে তাদের বলা হয়েছে। তারা পার্থর পক্ষে কাজ করছেন।






