জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ইতিহাস বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাসির আহমেদের সঙ্গে অসদাচরণের অভিযোগ ওঠেছে বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রকৌশলীর বিরুদ্ধে।
এ বিষয়ে গত বৃহস্পতিবার (২৯) বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে মৌখিকভাবে অভিযোগ করেছেন ভুক্তভোগী শিক্ষক। শনিবার (৩১ মে) এ বিষয়টি জানাজানি হয়।
খোঁজ নিয়ে জানা যায়, গত বুধবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের শান্ত চত্বর প্রাঙ্গণে ইতিহাস বিভাগের অধ্যাপক ড. নাসির আহমদের সঙ্গে ঔদ্ধত্যপূর্ণ আচরণ এবং বাগ্বিতণ্ডা শুরু করেন বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রকৌশলী হেলাল উদ্দিন পাটোয়ারী।
প্রত্যক্ষদর্শী এক শিক্ষার্থী ঘটনার বর্ণনা দিয়ে বলেন, শান্ত চত্বরে বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রের সঙ্গে গল্প করছিলেন শিক্ষক নাসির আহমদ। ওই সময়ে উপস্থিত হন প্রধান প্রকৌশলী হেলাল উদ্দিন পাটোয়ারী। কথা বলার একপর্যায়ে শিক্ষক নাসির উদ্দিন আহমদ স্যার প্রধান প্রকৌশলী হেলাল উদ্দিন পাটোয়ারীর কাছে বিশ্ববিদ্যালয়ের প্রস্তাবিত সেকেন্ড অডিটরিয়ামের কার্যক্রম সম্পর্কে জানতে চাইলে তিনি নাসির স্যারের সঙ্গে ঔদ্ধত্যপূর্ণ আচরণ শুরু করেন।
ভুক্তভোগী শিক্ষক জানান, তিনি দ্বিতীয় অডিটরিয়ামের দেখভালের দায়িত্বে আছেন প্রশাসনিকভাবে। তিনি ওই কমিটির একজন সদস্য। তবে তাকে কিছু না জানিয়েই প্রধান প্রকৌশলী হেলাল উদ্দিন পাটোয়ারী অডিটরিয়ামের আসবাবপত্র ও অন্যান্য দ্রব্যসামগ্রী কেনার জন্য টেন্ডার আহ্বান করেন।
এ সময় ভুক্তভোগী শিক্ষক প্রধান প্রকৌশলীকে বলেন, টেন্ডারটি ছাড়ার আগে আপনি অন্তত আমাকে জানাতে পারতেন, একটা মিটিং কল করতে পারতেন। কিন্তু আপনি আমাকে কিছুই বললেন না। কিছুই জানালেন না। এই সময়ে প্রধান প্রকৌশলী উচ্চস্বরে উত্তর দেন, আমি কি আপনার দ্বারে দ্বারে গিয়ে ঘুরব?
সে সময়ে ওই শিক্ষক বলেন, আমি তো আপনাকে দ্বারে দ্বারে ঘুরতে বলিনি। আপনি তো একবার জানাতে পারতেন। এর উত্তরে প্রধান প্রকৌশলী বলেন, যাকে জানানোর তাকে জানিয়েছি। এত কথার কৈফিয়ত দিতে পারবো না। কথা বলার একপর্যায়ে ওই কর্মকর্তা শিক্ষককে বলেন, আমি আমার মতো করছি, যা করার করেন। এ সময় আশপাশে উপস্থিত শিক্ষার্থীরা হতবাক হয়ে বিষয়টি পর্যবেক্ষণ করেন।






