খেলাধুলা

ভিলা পার্কে অশ্রুসজল মার্তিনেজ, বিদায়ের আভাস

স্টেডিয়ামের আলো নিভে আসে, ভিলা পার্কের সমরর্থকরা আনন্দে গর্জন করছে তখনো। কিন্তু গোলপোস্টের পাশে এক ব্যক্তি দাঁড়িয়ে—চোখে পানি, বুকে উত্তাল আবেগ। অ্যাস্টন ভিলার জার্সি গায়ে, বিশ্বসেরা গোলরক্ষকদের একজন—এমিলিয়ানো মার্তিনেজ। টটেনহ্যামের বিপক্ষে ২-০ জয়ের পর তার এই অশ্রু শুধু একটি মৌসুমের সমাপ্তি নয়, সম্ভবত এক নতুন অধ্যায়ের ইঙ্গিত।

২০২০ সালে আর্সেনাল অ্যাস্টন ভিলায় যোগ দেওয়ার পর মার্তিনেজ শুধু ভিলার গোলপোস্টই রক্ষা করেননি, দলকে নতুন উচ্চতায় পৌঁছে দিয়েছেন-চ্যাম্পিয়নস লিগে তুলেছেন দলকে। ২১১ ম্যাচ, অসংখ্য সেভ, এবং দুবার ফিফার সেরা গোলরক্ষকের পুরস্কার—তার এই যাত্রা রূপকথার মতো। কিন্তু আজকের অশ্রু কি বিদায়ের ইঙ্গিত?

অ্যাস্টন ভিলার কোচ উনাই এমেরি গোলরক্ষক মার্তিনেজের ভবিষ্যৎ নিয়ে মন্তব্য করতে গিয়ে বলেন, ‘আমরা দেখব’।

এমেরির এই সরল উত্তরেই লুকিয়ে আছে হাজারো প্রশ্ন।

এই মৌসুমেও চ্যাম্পিয়নস লিগের দরজায় কড়া নাড়ছে ভিলা। এখন প্রশ্ন, মার্তিনেজ কি থাকবেন, নাকি ভিলা পার্ক ছেড়ে পাড়ি জমাবেন অন্য কোনো ক্লাবে? 

গতরাতে স্পার্সের বিপক্ষে জয়ে ভিলা এখন পয়েন্ট টেবিলে চতুর্থ। কিন্তু ম্যানচেস্টার সিটির হাতে একটি অতিরিক্ত ম্যাচ থাকায় ভিলাকে শেষ পর্যন্ত ম্যানচেস্টার ইউনাইটেডকে হারাতে হবে। পাশাপাশি অন্য ফলাফলগুলো তাদের পক্ষে যেতে হবে।

এমেরির কথায়, ‘পরের মৌসুমে আমরা আরো শক্তিশালী হয়ে ফিরব।’ কিন্তু এমেরির সেই পরিকল্পনায় থাকবেন তো মার্তিনেজ? 

মার্তিনেজের আবেগ, এমেরির অনিশ্চিত মন্তব্য এবং ভিলার ইউরোপীয় স্বপ্ন—সব মিলে ফুটবলপ্রেমীদের মাঝে শুরু হয়েছে জল্পনা। আগামী মৌসুমে মার্তিনেজ থাকবেন কি না, তার জন্য সময়ের অপেক্ষায় থাকতে মার্তিনেজ ভক্তদের!

নিউজ ডেস্ক:

Leave a Reply