সারাদেশ

মুন্সিগঞ্জে স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে কুপিয়ে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জের সদরে সেলিনা বেগম (৩২) নামে এক নারীকে কুঁপিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামীর বিরুদ্ধে। শুক্রবার রাত ১০টার দিকে উপজেলার আধারা ইউনিয়নের দেওয়ানকান্দি গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত সেলিনা বেগম একই ইউনিয়নের বকুলতলা গ্রামের মোস্তফা হালদারের মেয়ে। ঘটনার পর অভিযুক্ত স্বামী সুজন মোল্লাকে আটক করা হয়েছে।

স্থানীয়রা জানান, দেওয়ানকান্দি গ্রামের হোসেন মোল্লার ছেলে সুজনের সঙ্গে প্রায় তিন মাস আগে সেলিনার বিয়ে হয়। বিয়ের পর থেকেই সেলিনা জানতে পারেন তার স্বামী নেশাগ্রস্ত। দিন-রাত নেশা করায় সেলিনার সংসারের নানা ধরনের অশান্তি সৃষ্টি হয়। স্বামীকে নেশার জগৎ থেকে ফিরিয়ে আনতে সব ধরনের চেষ্টা করেন সেলিনা বেগম।

ঘটনার দিন রাতে সুজন নেশা করে বাড়ি ফেরায় স্ত্রী সেলিনার সঙ্গে তর্কাতর্কি হয়। এক পর্যায়ে সুজন ক্ষিপ্ত হয়ে ধারালো বটি দিয়ে কুপিয়ে সেলিনাকে হত্যা করে। হত্যার পর সুজন ও তার বাড়ির লোকজন পালিয়ে যান। বিষয়টি এলাকায় জানাজানি হলে রাতেই বকুলতলা গ্রামসহ আশপাশের বেশ কয়েকটি গ্রামের লোকজন সুজনের বাড়িতে ছুটে আসেন।
স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে। 

বিষয়টি নিশ্চিত করে মুন্সীগঞ্জ সদর থানার উপপরিদর্শক (এসআই) মিল্টন বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করি। ঘটনার পর সুজনসহ তার পরিবারের লোকজন পালিয়ে যায়। পরে তাকে ধরতে আশপাশের এলাকায় অভিযান চালায় পুলিশ। রাত দেড়টার দিকে সুজন মোল্লাকে দিঘীরপাড় এলাকা থেকে আটক করা হয়।

তিনি আরো বলেন, আমরা ঘটনাস্থলে গিয়ে জানতে পারি সুজন নিয়মিত মাদক সেবন করে। মরদেহ উদ্ধার করে মর্গে পাঠিয়েছি। ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। সুজন মোল্লা মুন্সীগঞ্জ হাসপাতালে পুলিশ প্রহরায় চিকিৎসাধীন আছে।

আটক সুজন মোল্লা জানান, তার মামার সঙ্গে পরকীয়া সন্দেহে ঝগড়ার এক পর্যায়ে নিজে কীটনাশক পান করে স্ত্রীকে ধারালো বটি দিয়ে কুপিয়ে হত্যা করেন।

নিউজ ডেস্ক:

Leave a Reply