জাতীয়

যমুনার সামনে জুমার নামাজ আদায় করলেন আন্দোলনকারীরা

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনের জুমার নামাজ আদায় করছেন আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে আন্দোলনরত ছাত্র-জনতা। আজ শুক্রবার (৯ মে) দুপুর একটার দিকে তারা নামাজ আদায় করে।

এদিকে নামাজের শুরু থেকেই প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে ব্যারিকেড দিয়ে নিরাপত্তা প্রাচীর তৈরি করে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। সেখানে পুলিশ ও এসপিবিএন সদস্যদের অবস্থান করতে দেখা গেছে।

এর আগে গতকাল ৮ মে রাত থেকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ কর্মসূচি চালিয়ে যাচ্ছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে দেখা যায়, যমুনার প্রধান ফটকের সামনে বিক্ষোভ করছেন এনসিপির নেতাকর্মীরা। আওয়ামী লীগ ও শেখ হাসিনার বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দিচ্ছেন তারা। তাদের এই কর্মসূচিতে যোগ দেন জামায়াতসহ বিভিন্ন রাজনৈতিক দলও সংগঠনের নেতাকর্মীরা।

আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে শুক্রবার (৯ মে) বাদ জুমা বড় জমায়েতের ডাক দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার পাশে মিন্টো রোডের পানির ফোয়ারার সামনে এই জমায়েত হবে। এতে দল-মত-নির্বিশেষে সবাইকে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। সকালে যমুনার সামনে চলমান বিক্ষোভ কর্মসূচি থেকে এই জমায়েতের ডাক দেন হাসনাত আবদুল্লাহ।
নিউজ ডেস্ক:

Leave a Reply