নারীবিষয়ক সংস্কার কমিশনের প্রস্তাবনায় এমন কিছু প্রস্তাব দেওয়া হয়েছে যাতে সংসারে অশান্তি, নারী-পুরুষের মধ্যে বিরোধ ও সমাজে বেহায়াপনা বাড়বে উল্লেখ করে এসব প্রস্তাব বাদ দেওয়ার দাবি জানিয়েছে সম্মিলিত নারী প্রয়াস।
বৃহস্পতিবার (৮ মে) জাতীয় প্রেস ক্লাবের সামনে শতাধিক নারীর উপস্থিতিতে আয়োজিত মানববন্ধনে এ দাবি করা হয়।
এতে বক্তারা জানান, জুলাই অভ্যুত্থানে হিজাব-নিকাব পরা নারীও উপস্থিত ছিলেন, আবার এসব ছাড়াও উপস্থিত ছিলেন। সেখানে এ সমাজের নারীদের বৃহৎ অংশকে বাদ দিয়ে কিসের নারী সংস্কার প্রস্তাব হয়েছে তা নিয়ে সন্দেহ আছে।
বক্তারা জানান, নারীবিষয়ক সংস্কার কমিশনের প্রস্তাব ইসলাম ধর্মানুযায়ী নারীদের যে সম্মান ও মর্যাদা রয়েছে সেটিকে ক্ষুণ্ন করবে। তারা আশঙ্কা প্রকাশ করেন, এ ধরনের সংস্কার পারিবারিক বন্ধন এবং সামাজিক সৌন্দর্যকে ব্যাহত করতে পারে।






