সারাদেশ

খুলনায় স্ত্রী হত্যার অভিযোগে স্বামী গ্রেফতার

খুলনায় জান্নাতি আক্তার (২০) নামের এক গৃহবধূকে নির্যাতন করে হত্যার অভিযোগে নিহতের স্বামী আবু সালেহ গাজী ওরফে টেপুকে (৩৫) আটক করেছে পুলিশ।

আজ বুধবার (৭ মে) সকালে নগরীর একটি বেসরকারি ক্লিনিকে ওই গৃহবধূর মৃত্যু হয়।

নিহত গৃহবধূর পরিবার ও পুলিশ জানায়, নগরীর হরিণটানা থানার জয়খালী ঘোলা এলাকায় গত ২ মে রাত সাড়ে ১০টার দিকে পারিবারিক কলহের এক পর্যায়ে আবু সালেহ টেপু তার স্ত্রী জান্নাতি আক্তারকে বেধড়ক মারধর করেন। এতে তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাকে তার আত্মীয়-স্বজন আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে নগরীর সোনাডাঙ্গা বাস টার্মিনালসংলগ্ন একটি বেসরকারি ক্লিনিকে ভর্তি করেন।

সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ বুধবার সকালে তিনি মারা যান।

পুলিশ জানায়, হাসপাতালে চিকিৎসাধীন অবস্থাতেও জান্নাতিকে তার স্বামী আবু সালেহ টেপু মারধর করেছিলেন। এতে তিনি আরো অসুস্থ হয়ে মারা যান।

নগরীর হরিণটানা থানার ওসি শেখ খায়রুল বাসার বলেন, স্বামী আবু সালেহ টেপু স্ত্রী জান্নাতিকে প্রায়ই মারধর করতেন।

সর্বশেষ মারধর করার পর স্ত্রী জান্নাতি অসুস্থ হয়ে পড়লে তাকে নগরীর সোনাডাঙ্গা একটি ক্লিনিকে ভর্তি করা হয়। 

তিনি আরো বলেন, ঘটনাটি প্রথমে সোনাডাঙ্গা থানা পুলিশ  জানতে পেরে পাষণ্ড স্বামী টেপুকে আটক করে। পরে তাকে হরিণটানা থানায় সোপর্দ করা হয়েছে। প্রাথমিকভাবে পুলিশ অভিযোগের সত্যতা পেয়েছে।

এ ঘটনায় থানায় মামলা দায়ের ও আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। 

নিউজ ডেস্ক:

Leave a Reply