সারাদেশ

ইভটিজিংয়ের প্রতিবাদ করায় বৈষম্যবিরোধী সমন্বয়কসহ ৩ নেতার ওপর হামলা

ফেনীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়কসহ তিন প্রতিনিধির ওপর হামলার অভিযোগ উঠেছে ছাত্রদল নেতা জিল্লুর রহমানের বিরুদ্ধে। মঙ্গলবার দিবাগত রাতে ফেনী সদর হাসপাতাল মোড় এলাকায় এ ঘটনা ঘটে।

আহতরা হলেন ফেনী জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক আবদুল্লাহ আল মাহফুজ, সাবেক সহ-সমন্বয়ক সালমান হোসেন ও প্রতিনিধি নাদিয়া আক্তার খুশি।

হামলার শিকার আবদুল্লাহ আল মাহফুজ বলেন, আমরা তিনজন ফেনী জেনারেল হাসপাতালে এক রোগীকে দেখতে গিয়েছিলাম।

সেখান থেকে বের হয়ে রোগীর জন্য কিছু খাবার নিতে আসি। তখন ছাত্রদল নেতা জিল্লু আমাদের সঙ্গে থাকা নাদিয়াকে অকথ্য ভাষায় গালি দিতে শুরু করে। এর কারণ গত ৪-৫ মাস আগে নাদিয়া কলেজের কিছু বিষয় নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি পোস্ট দেন। এজন্য জিল্লু ক্ষিপ্ত হয়ে তাকে গালিগালাজ শুরু করে।
তিনি আরো বলেন, আমরা জিল্লুকে শান্ত হয়ে কথা শুনতে বলি এবং গালি দিতে নিষেধ করি। এতে তিনি তেড়ে এসে বলে তোর এত স্পর্ধা। এরপর জিল্লু ও তার সহযোগীরা চাপাতি ও অস্ত্র দিয়ে আমাদের ওপর অতর্কিত হামলা করে। আমি এ ঘটনার বিচার দাবি করছি।

এ বিষয়ে অভিযুক্ত জিল্লুর রহমানকে একাধিকবার ফোন করা হলেও তার ব্যবহৃত নম্বরটি বন্ধ পাওয়া যায়।

এ ঘটনার পর জাতীয় নাগরিক পার্টির দপ্তর সম্পাদক সালেহ উদ্দিন সিফাত সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক একটি পোস্ট করেছেন। ওই পোস্টে তিনি লেখেন, কয়েকদিন আগে হামলাকারী ছাত্রদল নেতা জিল্লুর বিরুদ্ধে চাঁদাবাজির খবর প্রকাশের পর এক সাংবাদিককে হত্যা হুমকি দিয়েছিল। তারপরও অভিযুক্ত ছাত্রদল নেতার বিরুদ্ধে দলীয় কোনো আইনি ব্যবস্থা নেওয়া হয়নি। উল্টো তার পক্ষে বিভিন্ন নেতাকে কথা বলতে দেখা গেছে।

নিউজ ডেস্ক:

Leave a Reply