ভক্ত অনুরাগীরা তাকে ঘিরে ধরেছেন সেলফির জন্য। তাদের সঙ্গে সেলফি সেশন শেষে যখন ব্যাকস্টেজে এলেন, চোখে-মুখে তখন খানিক ঘোর ওয়ামিকা গাব্বির। আসন্ন মুক্তিপ্রাপ্ত সিনেমার প্রচারণায় অংশ নিয়ে হাসিমুখে বললেন, ‘এমন একটা দিনের স্বপ্ন তো অনেক দিনের। তাই নিজেকে গুছিয়ে নিতে একটু সময় লাগছে।

২০০৯ সালে মুক্তি পাওয়া ইমতিয়াজ আলি পরিচালিত ‘লাভ আজ কাল’ সিনেমায় ‘থোড়া থোড়া পেয়ার’ গানে পারফর্ম করেছিলেন সাইফ আলি খান ও দীপিকা পাড়ুকোন। সেই গানে খানিক মুহূর্তের জন্য দেখা গেছে ওয়ামিকাকেও, তবে শিশুশিল্পী হিসেবে। সেই গানটিকেই নতুন আঙ্গিকে ব্যবহার করা হয়েছে ওয়ামিকা-রাজকুমারের সিনেমায়।
সেই সুবাদেই যেন জীবনের একটা বৃত্ত সম্পূর্ণ হয়েছে অভিনেত্রীর। শিশুশিল্পী থেকে নায়িকা হয়ে ওঠার বৃত্ত। চণ্ডীগড়ের সেই মেয়েই এবার বলিউডে নায়িকার ভূমিকায়। তাই খানিক আবেগপ্রবণ তিনি।

ওয়ামিকা গাব্বি বলেন, ‘আমাদের সিনেমায় ‘লাভ আজ কাল’-এর গানটা রিক্রিয়েট করা হয়েছে।
ওই সিনেমাটিতে শিশুশিল্পী হিসেবে কাজ করার পরে এই ছবির সঙ্গে যুক্ত থাকার ব্যাপারটা আমার কাছে খুব উন্মাদনার এবং উচ্ছ্বাসের। এই অনুভূতি ভাষায় প্রকাশ করতে পারব না। আমি ইমতিয়াজ স্যারকে মেসেজও করেছিলাম। ওই গানে পাগড়ি, কস্টিউম থেকে নকল গোঁফ লাগানো ছিল। পুরো বিষয়টা পাপি-র (ঠাকুমাকে এই নামে ডাকেন ওয়ামিকা) সঙ্গে শেয়ার করতে পারাটাও দারুণ অনুভূতি। কারণ, সেই শুটিংয়ে উনিও সঙ্গে ছিলেন।’

নতুন কাজে প্রধান চরিত্রে অভিনয় করার প্রসঙ্গে ওয়ামিকা বলেন, ‘এ রকম সুযোগ আমার কাছে এসেছে ভেবেই দারুণ আনন্দে ছিলাম বেশ কিছু দিন। তবে ছবি শুরুর দিকটায় বেশ নার্ভাস ছিলাম। আমাকে দেখে হয়তো খানিকটা বোঝাও যাচ্ছিল। রাজ (কুমার) ও করণ শর্মা (পরিচালক) আমাকে কমফোর্টেবল হতে সাহায্য করেছিলেন। তার পরে গোটা টিমের সঙ্গে দারণভাবে মিশে গিয়েছিলাম।’

শিশুশিল্পী হিসেবে ইমতিয়াজ আলীর ‘যাব উই মেট’ সিনেমা দিয়ে অভিষেক হয় চণ্ডীগড়ের ওয়ামিকা গাব্বির। পরে প্রধান চরিত্রের অভিনেত্রী হিসেবে পাঞ্জাবি সিনেমায় সাফল্য পান। এর বাইরে তিনি অভিনয় করেছেন তামিল, তেলুগু, মালয়ালম সিনেমাতেও। বলিউডে তার পরিচিতি আসে ২০২৩ সালে বিশাল ভরদ্বাজের ‘খুফিয়া’য় অভিনয় করে। যেটা দিয়ে বলিউড অভিষেক হয় বাংলাদেশি অভিনেত্রী আজমেরী হক বাঁধনেরও।






