ইসরায়েলের বেন গুরিওন বিমানবন্দরের প্রধান টার্মিনালের কাছে ইয়েমেন থেকে হুতির ছোড়া ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে। স্থানীয় সময় রবিবার সকালে এ হামলা হয় বলে ইসরায়েলি কর্তৃপক্ষ জানিয়েছে।
হামলার সময়ের কিছু ভিডিও ফুটেজ অনলাইনে ছড়িয়ে পড়ে। এতে দেখা যায়, তেল আবিবের উপকণ্ঠে অবস্থিত বিমানবন্দরের কাছে একটি রাস্তায় গাড়িচালকরা গাড়ি থামিয়ে আশ্রয় নিচ্ছেন।
ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ এক বিবৃতিতে বলেন, ‘যে আমাদের আঘাত করবে, আমরা তাকে সাত গুণ জবাব দেব।
অন্যদিকে হুতির সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি এক টেলিভিশন বিবৃতিতে বলেন, ‘ইসরায়েলের বিমানবন্দরটি আর আকাশপথে ভ্রমণের জন্য নিরাপদ নয়।’
বিমানবন্দরটি কিছু সময়ের জন্য ফ্লাইট বন্ধ রাখার পর এখন আবার চালু হয়েছে। স্থানীয় গণমাধ্যমে প্রকাশিত ভিডিও ফুটেজে ক্ষেপণাস্ত্রের আঘাতে ভূমিতে একটি বড় গর্ত তৈরি হতে দেখা যায়। ক্ষেপণাস্ত্রটি ছোড়ার ঘটনার পর ইসরায়েলের বিভিন্ন অঞ্চলে সাইরেন বাজানো হয়।
ইসরায়েলি বিমানবাহিনী জানিয়েছে, তারা ক্ষেপণাস্ত্রটি প্রতিহত করতে ব্যর্থ হওয়ার কারণ খতিয়ে দেখছে।
ইরান সমর্থিত ইয়েমেনভিত্তিক বিদ্রোহী গোষ্ঠী হুতি নিয়মিতভাবে হামাসের প্রতি সংহতি জানিয়ে ইসরায়েলের দিকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে আসছে। তবে খুব কমই এসব ক্ষেপণাস্ত্র ইসরায়েলের প্রতিরক্ষাব্যবস্থার ভেতর দিয়ে লক্ষ্যভেদ করতে সক্ষম হয়।
এই গোষ্ঠী লোহিত সাগরে বিভিন্ন জাহাজেও হামলা চালিয়ে যাচ্ছে, যার জবাবে যুক্তরাষ্ট্র সেখানে বোমা হামলার অভিযান পরিচালনা করছে এবং যুক্তরাজ্য এতে সহায়তা করছে।






