স্বাস্থ্য

গ্যাস্ট্রিকের সমস্যা সমাধানে উপকারী যে চা

গ্যাস্ট্রিকের সমস্যা এখন প্রায় প্রতিটি ঘরেই দেখা যায়। অতিরিক্ত ঝাল খাবারের সঙ্গে অনিয়মিত জীবনযাপনে বাঙালির পরিচিত সমস্যা হয়ে উঠছে গ্যাস্ট্রিক। অনেকেই এই সমস্যা থেকে মুক্তি পেতে অ্যান্টাসিড বা প্রতিদিন সকালে খালি পেটে ওমিপ্রাজোল ওষুধ খাওয়াকে অভ্যাসে পরিণত করেছেন।

কিন্তু এই সহজ সমাধান খোঁজার প্রবণতা অনেক সময় দীর্ঘমেয়াদি সমস্যার জন্ম দেয়।

এই জাতীয় ওষুধের অতিরিক্ত ব্যবহার ওষুধ-রেজিস্ট্যান্স তৈরি করতে পারে, যার ফলে ভবিষ্যতে কাজ কমে যেতে পারে। পাশাপাশি হতে পারে অপুষ্টি, রক্তাল্পতা, ভিটামিন বি১২ এর ঘাটতি। এমনকি বাড়তে পারে হাড় ক্ষয়ের আশঙ্কাও। তাই চিকিৎসকেরা বলছেন—সতর্ক হোন এবং প্রয়োজন হলে ভেষজ উপায়ে সমাধান খুঁজুন।

এই সমস্যার ঘরোয়া ও কার্যকর সমাধান হতে পারে পেয়ারা পাতার চা। চলুন, জেনে নিই।

কেন উপকারী পেয়ারা পাতা?
পেয়ারা শুধু ফল হিসেবেই নয়, এর পাতাও নানা গুণে ভরপুর। ভিটামিন সি ও অ্যান্টি-অক্সিড্যান্ট সমৃদ্ধ এই পাতা শরীরের রোগ প্রতিরোধক্ষমতা বাড়ায়।

গবেষণায় বলা হয়েছে, পেয়ারা পাতার নির্যাসে এমন কিছু উপাদান রয়েছে, যা গ্যাস্ট্রিক, বদহজম, অ্যাসিড রিফ্লাক্স এমনকি আলসারের সমস্যা কমাতে পারে।

প্রাচীন ঘরোয়া চিকিৎসাতেও পেয়ারা পাতা ব্যবহৃত হত—পেট ব্যথা বা দাঁতের যন্ত্রণায় তা চিবিয়ে খাওয়া হত, সংক্রমণ রোধে খাওয়া হত পেয়ারা পাতা সিদ্ধ পানি। এই পাতায় থাকা ফাইবার ও ফেনোলিক যৌগ রক্তে শর্করার মাত্রা কমায়, ফলে ডায়াবেটিক রোগীদের জন্যও এটি উপকারী।

কীভাবে বানাবেন পেয়ারা পাতার চা?

উপকরণ:
৩-৪টি পেয়ারা পাতা
আধ চা চামচ সাধারণ চা পাতা
দেড় কাপ পানি
১ চা চামচ গুড় বা মধু (ঐচ্ছিক)

পদ্ধতি:
পেয়ারা পাতা ভালো করে ধুয়ে নিন। একটি পাত্রে পানি ফুটিয়ে তাতে পাতা দিয়ে দিন এবং ৫-১০ মিনিট সিদ্ধ করুন।

পাতাগুলি ফুটে পানির রং বদলে এলে অল্প পরিমাণে সাধারণ চা পাতা যোগ করুন। এরপর গ্যাস বন্ধ করে চা ঢেকে কিছুক্ষণ রেখে দিন। ইচ্ছা করলে অল্প গুড় বা মধু মেশাতে পারেন, তবে চিনি এড়িয়ে চলাই ভালো।

সতর্কতা:
পেয়ারা পাতার চা যতই উপকারী হোক না কেন, অ্যাসিড রিফ্লাক্স এর সমস্যা যদি নিয়মিত হয় বা খুব বেশি হয়, তাহলে চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি।

নিউজ ডেস্ক:

Leave a Reply