যুক্তরাষ্ট্রের ইলিনয় অঙ্গরাজ্যের চ্যাথামে স্কুল ক্যাম্পে একটি গাড়ি ঢুকে পড়লে চারজন শিশুর মৃত্যু হয়। এ ছাড়া আরো বেশ কয়েকজন আহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ। নিহতদের বয়স ৪ থেকে ১৮ বছরের মধ্যে।
ইলিনয় স্টেট পুলিশ এক বিবৃতিতে জানায়, দুর্ঘটনার সময় তিনজন শিশু ভবনের বাইরে এবং একজন শিশু ক্যাম্পের ভিতরে ছিল।
গাড়ির ধাক্কায় তাদের মৃত্যু হয়। আহতদের স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে। গুরুতর আহত এক ব্যক্তিকে হেলিকপ্টারে করে স্থানান্তর করা হয়।
পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার সময় গাড়িচালক অক্ষত ছিলেন এবং তার শারীরিক ও মানসিক মূল্যায়নের জন্য হাসপাতালে নেওয়া হয়েছে।
ইলিনয়ের গভর্নর জেবি প্রিটজকার এক বিবৃতিতে বলেন, এই মর্মান্তিক ঘটনার খবরে আমি স্তব্ধ এবং গভীরভাবে দুঃখিত।
দুর্ঘটনাস্থলটি ছিল ওয়াইএনওটি আফ্টার স্কুল ক্যাম্প’ নামের সেন্টার। তাদের ওয়েবসাইট অনুযায়ী শিশুদের জন্য বাইরের খেলাধুলা ও কার্যক্রম পরিচালনা করে থাকে সেন্টারটি। এ ঘটনার পর স্থানীয় কমিউনিটিতে শোকের ছায়া নেমে এসেছে।
সূত্র : এএফপি






