জাতীয় আইনগত সহায়তা দিবস আজ ২৮ এপ্রিল। জাতীয় আইনগত সহায়তা দিবস-২০২৫ জেলা ও স্থানীয় পর্যায়ে যথাযোগ্য মর্যাদায় উদযাপনে জাতীয়, জেলা ও স্থানীয় পর্যায়ে নানা উদ্যোগ গ্রহণ করা হয়েছে। দিবসটি উদযাপন উদ্বোধন করবেন আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল। এ উপলক্ষে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
এবারের স্লোগান/প্রতিপাদ্য হলো-‘দ্বন্দ্বে কোনো আনন্দ নাই, আপস করো ভাই, লিগ্যাল এইড আছে পাশে, কোনো চিন্তা নাই।
অপর এক স্মারকে বলা হয়েছে, আইনগত সহায়তা দিবস-২০২৫’ যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষ্যে অনুষ্ঠানসূচির অতিরিক্ত হিসেবে র্যালি করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্টদের প্রতি নির্দেশক্রমে অনুরোধ করা হলো।
আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের অধীনে জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থা’র পরিচালক (সিনিয়র জেলা জজ) মোহাম্মদ আল মামুন স্বাক্ষরিত এক স্মারকে জেলা ও স্থানীয় পর্যায়ে ‘জাতীয় আইনগত সহায়তা দিবস-২০২৫’ উদযাপন ও বরাদ্দ প্রসঙ্গে বলা হয়েছে, ‘আর্থিকভাবে অসচ্ছল, সহায়-সম্বলহীন ও নানাবিধ আর্থ-সামাজিক কারণে বিচার প্রাপ্তিতে অসমর্থ বিচারপ্রার্থী জনগণকে আইনগত সহায়তা প্রদানকল্পে ২৮ এপ্রিলকে ২০১৩ সালে ‘জাতীয় আইনগত সহায়তা দিবস’ হিসেবে ঘোষণা করা হয়।
সরকারি আইনগত সহায়তা কার্যক্রমের প্রচার ও প্রসারের লক্ষ্যে প্রতিবছর ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়। প্রতিবছরের ন্যায় এ বছরও স্থানীয় পর্যায়ে যথাযোগ্য মর্যাদায় ‘জাতীয় আইনগত সহায়তা দিবস-২০২৫’ উদযাপনে জেলা পর্যায়ে অনুষ্ঠানের বিবরণ অনুসারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ করা হলো।
দিবসটির অনুষ্ঠানে মানবাধিকার বিষয়ক সংগঠন, এনজিও, সংশ্লিষ্ট থানা, আইন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী, উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীগণের উপস্থিতি নিশ্চিত করতে বলা হয়েছে। অনুষ্ঠানসমূহ বাস্তবায়নের জন্য জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থা’র পক্ষ থেকে সংযুক্ত বিবরণ অনুসারে বাজেট বরাদ্দ করা হয়েছে। বরাদ্দকৃত অর্থ সরকারি প্রচলিত বিধি-বিধান এবং পাবলিক প্রকিউরমেন্ট আইন, ২০০৬ এবং পাবলিক প্রকিউরমেন্ট আইন, ২০০৮ অনুসারে ব্যয় নির্বাহের জন্য সংশ্লিষ্টদের অনুরোধ করা হয়।






