স্প্যানিশ ফুটবলের অন্যতম মর্যাদাপূর্ণ প্রতিযোগিতা কোপা দেল রে-তে আবারও নিজেদের শ্রেষ্ঠত্বের প্রমাণ দিল বার্সেলোনা। এক রুদ্ধশ্বাস ‘এল ক্লাসিকো’ ফাইনালে অতিরিক্ত সময়ে জুলেস কুন্দের নাটকীয় গোলের সুবাদে নিজেদের ৩২তম শিরোপা ঘরে তুলেছে বার্সেলোনা। এই শিরোপা জয়ের মধ্য দিয়ে বার্সা আবারও প্রমাণ করলো কেন তাদের ‘কোপার রাজা’ বলা হয়।
বার্সেলোনার সর্বোচ্চ ৩২টি শিরোপার পর তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে অ্যাথলেটিক বিলবাও, যাদের শিরোপা সংখ্যা ২৪।
তৃতীয় স্থানে থাকা রিয়াল মাদ্রিদ কোপা দেল রে জিতেছে ২০ বার।
| বার্সেলোনা | ৩২ বার (রেকর্ড) |
| অ্যাথলেটিক বিলবাও | ২৪ |
| রিয়াল মাদ্রিদ | ২০ |
| অ্যাতলেতিকো মাদ্রিদ | ১০ |
| ভ্যালেন্সিয়া | ৮ |
| সেভিয়া | ৫ |
| রিয়াল সোসিয়েদাদ | ৩ |
গত এক দশকে কোপা দেল রে-তে বার্সেলোনার আধিপত্য চোখে পড়ার মতো। ২০১৫ থেকে ২০২৫ সাল পর্যন্ত এই ১০ বছরে তারা জিতেছে ছয়বার—২০১৫, ২০১৬, ২০১৭, ২০১৮, ২০২১ এবং সর্বশেষ ২০২৫ সালে।
২১শ শতকে প্রথমবারের মতো বার্সেলোনা কোপা দেল রে জিতে ২০০৯ সালে, পেপ গার্দিওলার নেতৃত্বে ঐতিহাসিক ‘সেক্সটুপল’ জয়ের বছরেই।
২০শ শতকে বার্সেলোনা বিভিন্ন নামে পরিচিত কোপা দেল রে প্রতিযোগিতায় মোট ২৪ বার শিরোপা জেতে। এই সময়ে তারা শিরোপা জেতে যথাক্রমে—১৯১০, ১৯১২, ১৯১৩, ১৯২০, ১৯২২, ১৯২৫, ১৯২৬, ১৯২৮, ১৯৪২, ১৯৫১, ১৯৫২, ১৯৫৩, ১৯৫৭, ১৯৫৯, ১৯৬৩, ১৯৬৮, ১৯৭১, ১৯৭৮, ১৯৮১, ১৯৮৩, ১৯৮৮, ১৯৯০, ১৯৯৭ ও ১৯৯৮।






