ভারতশাসিত কাশ্মীরের পেহেলগামে পর্যটকদের ওপর হামলার পর ভারত ও পাকিস্তানের ক্রমবর্ধমান উত্তেজনার কারণে দুই দেশের ‘বোঝাপড়ায় উন্নতির’ জন্য মধ্যস্থতার প্রস্তাব দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাঘচি।
সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে তিনি লিখেছেন, ‘ভারত ও পাকিস্তান ইরানের ভ্রাতৃপ্রতিবেশী, যাদের সম্পর্কের শিকড় তাদের শতাব্দী প্রাচীন সাংস্কৃতিক ও সভ্যতার বন্ধনের মধ্যে রয়েছে। অন্য প্রতিবেশীদের মতো আমরাও তাদের আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার কথা বিবেচনা করি।’
তিনি আরো বলেন, ‘কবি সাদির শেখানো চেতনার সঙ্গে সংগতি রেখে জানাতে চাই, এই কঠিন সময়ে বৃহত্তর বোঝাপড়া গড়ে তোলার জন্য তেহরান কিন্তু ইসলামাবাদ ও নয়াদিল্লির সঙ্গে নিজের সুসম্পর্ককে ব্যবহার করতে প্রস্তুত।
তিনি ত্রয়োদশ শতাব্দীর কবি সাদির একটা কবিতাও শেয়ার করেছেন, যার সংক্ষেপে অর্থ হলো ‘মানব সভ্যতা মহাবিশ্বের একটা অংশ এবং যদি একজন কষ্ট পায়, তবে অন্যজনও এতে কষ্ট পাবে।
পাশাপাশি তিনি পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের সঙ্গেও কথা বলেছেন। সে বিষয়ে উল্লেখ করে ইসহাক দার লিখেছেন, ‘এই অঞ্চলের পরিস্থিতি স্বাভাবিক করার জন্য ইরানের প্রচেষ্টার আমরা প্রশংসা করি।’
কাশ্মীরের পেহেলগামে মঙ্গলবার ওই হামলায় ২৬ জন পর্যটক নিহত হয়।
এতে পারমাণবিক শক্তিধর দুই প্রতিবেশী দেশ একে অপরের বিরুদ্ধে প্রতিশোধমূলক পদক্ষেপ নেয়। নয়াদিল্লি এই হামলার জন্য ইসলামাবাদকে দায়ী করেছে। অবশ্য পাকিস্তান জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেছে।
অন্যদিকে সৌদি আরবও এ দুই দেশের মধ্যকার উত্তেজনা প্রশমনের চেষ্টা করছে বলে শুক্রবার একজন ঊর্ধ্বতন সৌদি কর্মকর্তা এএফপিকে জানিয়েছেন।
নাম প্রকাশে অনিচ্ছুক জ্যেষ্ঠ এক সৌদি কর্মকর্তা বলেছেন, ‘ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা প্রশমনে সৌদি আরব প্রচেষ্টা চালাচ্ছে। দুটি দেশ সৌদি আরবের মিত্র এবং আমরা চাই না পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাক।’






