সারাদেশ

বরিশালে ভাতিজার শাবলের আঘাতে প্রাণ গেল চাচার

বরিশালের বানারীপাড়ায় জমিসংক্রান্ত বিরোধের জের ধরে ভাতিজার শাবলের আঘাতে সুলতান হোসেন খান (৪৫) নামের এক কাপড় ব্যবসায়ী নিহত হয়েছেন। আহত হওয়ার ২১ দিন পরে শনিবার (২৬ এপ্রিল) ভোর সাড়ে ৫টার দিকে রাজধানীর বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

গত ৫ এপ্রিল উপজেলার ইলুহার ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের মলুহার গ্রামে এ ঘটনা ঘটে। ওই সময় গ্রেপ্তার হওয়া নিহতের বড় ভাই শাহজাহান খান ও ভাতিজা রুবেল খান বরিশাল জেলহাজতে রয়েছেন।

নিহত সুলতান হোসেন খান পার্শ্ববর্তী স্বরূপকাঠি উপজেলার ইন্দেরহাট বন্দর বাজারের কাপড় ব্যবসায়ী ছিলেন।

জানা গেছে, জমি বণ্টনসংক্রান্ত বিরোধের জের ধরে গত ৫ এপ্রিল রাত সাড়ে ১১টার দিকে উপজেলার মলুহার গ্রামে দুই ভাই শাহজাহান খান ও সুলতান হোসেন খানের মধ্যে বাগবিতণ্ডার এক পর্যায়ে শাহজাহান খানের ছেলে রুবেল খান চাচা সুলতান হোসেন খানকে শাবল দিয়ে পিটিয়ে আহত করেন। এ ছাড়া শাহজাহান খান ও রুবেলের স্ত্রী লামিয়াসহ অপর আসামিরা কোদাল, ইট ও লোহার পাইপ দিয়ে দিয়ে তাকে আঘাত করেন। ওই রাতেই গুরুতর আহত অবস্থায় সুলতান হোসেন খানকে উদ্ধার করে প্রথমে বানারীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা শেষে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়।

অবস্থার অবনতি হলে সেখান থেকে পরে তাকে রাজধানীর বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে ভর্তি করা হয়।

এ ঘটনায় ৬ এপ্রিল সুলতান হোসেন খানের বোন নাসিমা বেগম বাদী হয়ে বড় ভাই শাহজাহান খান, তার ছেলে রুবেল খান, ভাতিজার স্ত্রী লামিয়া আক্তার, বোন নিলুফা বেগম ও মারুফা বেগম, ভগ্নিপতি মোশারফ হোসেন এবং শাহ আলমকে সুনির্দিষ্ট ও কয়েকজনকে অজ্ঞাতপরিচয় আসামি করে বানারীপাড়া থানায় মারধর ও হত্যা চেষ্টা মামলা করেন।

ওই দিনই (৬ এপ্রিল) মামলার আসামি শাহজাহান খান, রুবেল খান ও লামিয়াকে গ্রেপ্তার করে বরিশাল জেলহাজতে পাঠায় বানারীপাড়া থানা পুলিশ। পরবর্তীতে লামিয়া জামিনে বের হলেও সেই থেকে শাহাজান খান ও তার ছেলে রুবেল খান বরিশালে জেলহাজতে রয়েছেন।

এ প্রসঙ্গে বানারীপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মোস্তফা বলেন, ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় আহত সুলতান হোসেন খান মারা গিয়েছেন বলে জানতে পেরেছি। এ ঘটনায় পূর্বে দায়েরকৃত মামলাটিকে হত্যা মামলায় রূপান্তর করে বাকি আসামিদের গ্রেপ্তারসহ প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজ ডেস্ক:

Leave a Reply