দেশে তামাকের কারণে প্রতিদিন ৪৪২ জন মানুষ প্রাণ হারায়। মৃত্যুর এই মিছিল ঠেকাতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার ফ্রেমওয়ার্ক কনভেনশন অন টোব্যাকো কন্ট্রোলের (এফসিটিসি) আলোকে স্বাস্থ্য মন্ত্রণালয় প্রস্তাবিত তামাক নিয়ন্ত্রণ আইনের সংশোধনী দ্রুত পাস করার দাবি জানিয়েছেন বক্তারা।
শনিবার রাজধানীর বিশ্বসাহিত্য কেন্দ্রে আয়োজিত এক মতবিনিময়সভায় এসব কথা বলেন তামাকবিরোধী শিক্ষক ফোরাম, মায়েদের ফোরাম এবং তরুণ ফোরামের প্রতিনিধিরা। ফোরামের নেতৃবৃন্দ বলেছেন, আইনটির প্রস্তাবিত সংশোধনী দ্রুত পাস না করলে জনস্বাস্থ্য রক্ষা সম্ভব হবে না।
তাই সরকারকে দ্রুত পদক্ষেপ নিতে হবে।
নারী মৈত্রীর নির্বাহী পরিচালক শাহীন আকতার ডলির সভাপতিত্বে বক্তৃতা করেন বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলের উপপরিচালক স্নিগ্ধা বাউল, নারী বিষয়ক অধিদপ্তরের গবেষণা কর্মকর্তা জান্নাতুল ফেরদৌস, তামাক বিরোধী শিক্ষক ফোরামের আহ্বায়ক ড. খালেদা ইসলাম, তামাক বিরোধী মায়েদের ফোরামের আহ্বায়ক শিবানী ভট্টাচার্য, তরুণ ফোরামের আহ্বায়ক আশরাফিয়া জান্নাত প্রমুখ।
সভায় মূল বক্তব্যে নারী মৈত্রীর প্রোজেক্ট কো-অর্ডিনেটর নাসরিন আক্তার বলেন, দেশে তামাকের কারণে প্রতিদিন ৪৪২ জন মানুষ প্রাণ হারান। মৃত্যুর এই মিছিল ঠেকাতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার ফ্রেমওয়ার্ক কনভেনশন অন টোব্যাকো কন্ট্রোলের (এফসিটিসি) আলোকে স্বাস্থ্য মন্ত্রণালয় প্রস্তাবিত তামাক নিয়ন্ত্রণ আইনের সংশোধনী দ্রুত পাস করা জরুরি।






