ভারতের গুজরাট রাজ্যের সুরাট ও আহমেদাবাদ থেকে ৫৫০ জনের বেশি বাংলাদেশি অবৈধ অভিবাসীকে আটক করেছে দেশটির আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। শনিবার (২৬ এপ্রিল) ভারতের বার্তাসংস্থা পিটিআইয়ের বরাতে এ তথ্য জানিয়েছে টাইমস অব ইন্ডিয়া।
সংবাদমাধ্যমটি জানিয়েছে, রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী হর্ষ সাঙ্ঘভির নির্দেশে শুরু করা এই অভিযানের উদ্দেশ্য ছিল অঞ্চলটিতে বসবাসকারী বাংলাদেশ থেকে আসা অবৈধ অভিবাসীদের চিহ্নিত করে আটক করা। প্রতিবেদনে বলা হয়, আহমেদাবাদ এবং সুরাট শহরে পরিচালিত পৃথক অভিযানে অবৈধ বাংলাদেশি অভিবাসীদের আটক করেছে গুজরাট পুলিশ।
প্রতিবেদনে আরও বলা হয়, গুজরাট পুলিশের নেতৃত্বে স্পেশাল অপারেশন গ্রুপ (এসওজি), ক্রাইম ব্রাঞ্চ, অ্যান্টি-হিউম্যান ট্রাফিকিং ইউনিট (এএইচটিইউ) এবং স্থানীয় পুলিশ ইউনিটগুলোর সমন্বিত অভিযানে শনিবার ভোরবেলা সন্দেহভাজন অবৈধ অভিবাসীদের আটক করা হয়েছে। কর্মকর্তারা নিশ্চিত করেছেন আটককৃতরা বৈধ কাগজপত্র ছাড়াই ভারতে প্রবেশ করেছিল। তারা জাল কাগজপত্র ব্যবহার করে অঞ্চলটিতে বসবাস করছিল।






