লক্ষ্মীপুরের রামগতিতে সাত বছরের শিশুকে ধর্ষণচেষ্টার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। বুধবার (২৩ এপ্রিল) রাত সাড়ে ৭টার দিকে ওই শিশুর মা বাদী হয়ে রামগতি থানায় অভিযুক্ত মো. জিহাদ হোসেনকে (২২) আসামি করে মামলা করেছেন। উপজেলার চররমিজ ইউনিয়নের চর আফজাল গ্রামে এ ঘটনা ঘটেছে।
অভিযুক্ত জিহাদ নোয়াখালীর সুবর্ণচর উপজেলার উত্তর চরবাগ্যা এলাকার বাসিন্দা।
সে স্থানীয় কারিরগোঁজা এলাকার একটি মাদরাসার শিক্ষক ও মসজিদের মোয়াজ্জিন। শিশুটি ওই মাদরাসার প্রথম শ্রেণির শিক্ষার্থী।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গতকাল মঙ্গলবার (২২ এপ্রিল) দুপুরে চররমিজ ইউনিয়নের চর আফজাল গ্রামের কারিরগোঁজা নামক এলাকার শিশুটিকে একা পেয়ে মো. জিহাদ তার সঙ্গে জোরাজুরি করে এবং ধর্ষণের চেষ্টা করে। এ সময় শিশুটির চিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে এলে জিহাদ ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
পরে খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত জিহাদকে আটক করে।
রামগতি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কবির হোসেন জানান, শিশুটিকে ধর্ষণচেষ্টার ঘটনায় মামলা হয়েছে। অভিযান চালিয়ে আসামি জিহাদকে আটক করা হয়েছে। তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।






