সারাদেশ

ঈশ্বরদীতে প্রকৌশলীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

পাবনার ঈশ্বরদীতে শামীম হোসেন (২৫) নামের এক উপসহকারী প্রকৌশলীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২৩ এপ্রিল) পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ লিমিটেডের (পিজিসিবি) জয়নগর শাখার বিশ্রামাগারের দোতলা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

শামীম চুয়াডাঙ্গা সদর থানার শৈলগাড়ী এলাকার মসলেম উদ্দীনের ছেলে।

জয়নগর পিজিসিবির বিশ্রামাগারের দায়িত্বরত তত্ত্বাবধায়ক (বাবুর্চি) হাফিজুর রহমান জানান, সকালে রান্নার কাজে গিয়ে বিশ্রামাগারের দোতলায় শামীমের ঝুলন্ত মরদেহ দেখতে পান তিনি।

পরে স্থানীয়দের মাধ্যমে থানায় খবর দেওয়া হয়। পুলিশ  ঘটনাস্থল থেকে ঝুলন্ত মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে যান।

জিএমডি ঈশ্বরদী শাখার সহকারী প্রশাসনিক কর্মকর্তা মো. মনিরুজ্জামান জানান, শামীম পাওয়ার গ্রিডের ঢাকার (পিএনডি) নিরাপত্তা অনুশাখা থেকে ২১ এপ্রিল ঈশ্বরদী জিএমডি শাখায় যোগদান করেন।

শামীমের বাবা মসলেম উদ্দীন জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মানসিকভাবে দুশ্চিন্তাগ্রস্ত হয়ে শামীম আত্মহত্যা করেছেন।

এর আগে বগুড়ায় বিভাগীয় প্রশিক্ষণে অংশগ্রহণকালে একাধিকবার চাকরি থেকে পদত্যাগ করতে চেয়েছিলেন তিনি।

ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার প্রণব কুমার জানান, নিহতের লাশ উদ্ধার করে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। নিহতের পরিবারের সঙ্গে আলোচনা করে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজ ডেস্ক:

Leave a Reply