মৌলভীবাজারে প্রায় ৪ কোটি টাকা ব্যয়ে নির্মিত পৌর বাস টার্মিনালটি উদ্বোধনের ১৫ বছর পরিত্যক্ত পড়ে আছে। ২০১০ সালে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হলেও কিছুদিন পর বাস চলাচল বন্ধ হয়ে যায়। ফলে টার্মিনালটি এখন অযত্ন-অবহেলায় জরাজীর্ণ অবস্থায় পরিণত হয়েছে।
শহর থেকে প্রায় দুই কিলোমিটার দূরে ঢাকা-সিলেট আঞ্চলিক মহাসড়কের পাশে যুগিডর এলাকায় অবস্থিত এই বাস টার্মিনালটিতে এখন যানবাহন ও মানুষশূন্য সোনসান পরিবেশ বিরাজ করছে।
সরেজমিন ঘুরে দেখা যায়, ভবনের বিভিন্ন দেওয়ালে ফাটল, ভাঙা টাইলস, খোলা কাচের দরজা, যত্রতত্র ময়লার স্তুপ, টার্মিনালের আশপাশে পশু বিচরণ। অযত্ন আর অবহেলায় নষ্ট হচ্ছে অবকাঠামো বিভিন্ন আসবাবপত্র। বিভিন্ন পরিবহন সংস্থার জন্য বরাদ্দকৃত কাউন্টারগুলোও বহুদিন ধরে বন্ধ রয়েছে।
এই বাস টার্মিনাল নির্মাণের পেছনে মূল উদ্দেশ্য ছিল শহরের যত্রতত্র অবৈধ গণপরিবহন স্ট্যান্ড সরিয়ে একটি নির্দিষ্ট স্থানে আনয়ন করা। সে লক্ষ্যে ২০০৭ সালে তৎকালীন পৌর মেয়র ফয়জুল করিম ময়ুন টার্মিনালের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন এবং ২০১০ সালে স্থানীয় দুই সংসদ সদস্য আনুষ্ঠানিকভাবে এটি উদ্বোধন করেন।






