দিনাজপুরের হাকিমপুর হিলিতে মাদরাসা শিক্ষকের কাছে ডিএসবির সদস্য পরিচয় দিয়ে টাকা দাবির অভিযোগে মো. ওমর ফারুক (৩০) নামের এক ব্যক্তিকে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছে স্থানীয়রা।
রবিবার (২০ এপ্রিল) দুপুর দুইটার দিকে হাকিমপুর উপজেলার আলিহাট গাজী আমিনিয়া দাখিল মাদরাসা থেকে পুলিশ তাকে আটক করে। বিষয়টি নিশ্চিত করেছেন হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. সুজন মিঞা। আটককৃত ওমর ফারুক দিনাজপুর সদর থানার পাঁচপুল হাজীপাড়া এলাকার আমিন উদ্দিনের ছেলে।
স্থানীয়রা জানান, আটক ওমর ফারুক রবিবার দুপুরে ওই মাদরাসায় গিয়ে এনটিআরসিএ কতৃক নিয়োগপ্রাপ্ত শিক্ষকদের পুলিশ ভেরিফিকেশনের তথ্য পাঠানোর কথা বলে নিজেকে ডিএসবি পুলিশের সদস্য পরিচয় দিয়ে নিয়োগপ্রাপ্ত শিক্ষকের কাছে টাকা দাবি করেন। পরে তার কথাবার্তা সন্দেহজনক মনে হলে স্থানীয় জনতা তাকে আটক করে থানা পুলিশের হাতে তুলে দেয়।
এ বিষয়ে হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সুজন মিঞা বলেন, ভূয়া ডিএসবি পুলিশ সদস্য পরিচয় দিয়ে শিক্ষককের কাছে টাকা দাবি করায় স্থানীয় জনতা ওমর ফারুক নামে একজনকে আটক করে। পরে পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আটক ব্যক্তিকে নিয়ে আসে।






