নারায়ণগঞ্জের রূপগঞ্জে যাত্রীবাহী বাসের ধাক্কায় আক্তার হোসেন (৫৬) নামের এক সিএনজি অটোরিকশাচালক মারা গেছেন। শনিবার (১৮ এপ্রিল) তারাবো পৌরসভার রূপসী মৈকুলি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ সময় অটোরিকশার দুই যাত্রী আহত হন।
আক্তার সোনারগাঁ থানার কাঁচপুর উত্তরপাড়া এলাকার মৃত সাইজউদ্দিনের ছেলে।
আহতরা হলেন মাসুদ আলম ও তার স্ত্রী মৌসুমী আক্তার।
ভুলতা হাইওয়ে পুলিশ ক্যাম্পের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহানুর আলী জানান, সকালে কাঁচপুর থেকে আক্তার দুজন যাত্রী নিয়ে ভুলতার উদ্দেশে রওনা হন। মৈকুলি এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা ঢাকাগামী মেঘলা পরিবহনের একটি বাস ধাক্কা দিলে অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায়। আহতদের উদ্ধার করে স্থানীয় ইউএস-বাংলার মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে আক্তারকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসক।
বাকি দুজনকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
তিনি আরো জানান, পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে বিনা ময়নাতদন্তে নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।






