পাকিস্তান সুপার লিগের (পিএসএল) এবারের আসরে দল পাওয়া বাংলাদেশি খেলোয়াড়দের মধ্যে ভালো ফর্মে আছেন রিশাদ হোসেন। প্রথম ম্যাচে বল হাতে তিন উইকেট নেওয়ার পর, দ্বিতীয় ম্যাচেও সেই ধারাবাহিকতা বজায় রেখেছেন তিনি। তাতে অভিষেক আসরের দুই ম্যাচে তিনটি করে উইকেট নিয়ে বিরল এক রেকর্ড গড়েছেন তিনি।
পিএসএলের অভিষেক আসরের দুই ম্যাচেই তিনটি বা তার বেশি উইকেট নেওয়ার কীর্তি এতদিন ছিল কেবল নিউজিল্যান্ডের সাবেক অলরাউন্ডার গ্রান্ট এলিয়টের। ২০১৬ সালে কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের জার্সিতে পিএসএলে অভিষেক হয় এলিয়টের। প্রথম দুই ম্যাচে তিনি পেয়েছিলেন ৭ উইকেট। রিশাদ অবশ্য সেদিক থেকে এক উইকেট পিছিয়ে থাকলেও যেটা করার সেটা করে নিয়েছেন।
লাহোর কালেন্দার্সের হয়ে খেলা টাইগার লেগি রিশাদ প্রথম ম্যাচে কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের বিপক্ষে ৩১ রান খরচ করে ৩ উইকেট শিকার করেছিলেন। সেদিন তার বলে উইকেট খুইয়েছিলেন রাইলি রুশো, মোহাম্মদ আমির এবং আবরার আহমেদ। পরের ম্যাচে করাচি কিংসের বিপক্ষে রিশাদ পেয়েছিলেন শান মাসুদ, ইরফান খান এবং আব্বাস আফ্রিদির উইকেট তুলে নেন তিনি। তাতে দিনের হিসেবে ৩ হাজার ৩৪৯ দিন পর গ্রান্ট এলিয়টের কৃতিত্বে ভাগ বসালেন বাংলাদেশের রিশাদ হোসেন।
এদিকে আসরের এখন পর্যন্ত সর্বোচ্চ উইকেট শিকার করার স্বীকৃতি হিসেবে ফজল মাহমুদের ক্যাপ দখলে নিয়েছিলেন রিশাদ। মেরুন রঙের এই ক্যাপ ফ্র্যাঞ্চাইজি এই লিগে সর্বোচ্চ উইকেট শিকারীর স্বীকৃতি। পাশাপাশি অসাধারণ সব গুগলি দিয়ে কিংবদন্তী ক্রিকেটারদের নজরও কেড়েছেন রিশাদ।






