সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর দিয়ে আমদানি বেড়েছে মসলাজাত পণ্য আদা। গত ২০২৩-২৪ অর্থবছরের প্রথম আট মাসের তুলনায় চলতি ২০২৪-২৫ অর্থবছরের প্রথম আট মাসে এ মসলাজাত পণ্যটি দ্বিগুণেরও বেশি আমদানি বেড়েছে বলে জানান বন্দর সংশ্লিষ্টরা।
ব্যবসায়ীও আমদানিকারকরা বলছেন, দেশীয় বাজারে চাহিদার পাশাপাশি ভারতে দাম কম হওয়ার কারণে পণ্যটির আমদানি বেড়েছে। অন্যদিকে বন্দরে আমদানি বাড়ার পরও সাতক্ষীরার মসলা বাজারে আদার দর কমেনি বরং বেড়েছে। দুই সপ্তাহের ব্যবধানে কেজিতে ২৫ থেকে ৩০ টাকা পর্যন্ত বেড়েছে আদা।
এদিকে ভোমরা শুল্ক স্টেশনের রাজস্ব শাখা থেকে জানা গেছে, চলতি ২০২৪-২৫ অর্থবছরের প্রথম আট মাস জুলাই-ফেব্রুয়ারি পর্যন্ত এ বন্দর দিয়ে মসলাজাত পণ্য আদা আমদানি হয়েছে ৭৫ হাজার ৬৮৬ টন। যার আমদানি মূল্য ৯০০ কোটি ১২ লাখ টাকা। একইভাবে গত ২০২৩-২৪ অর্থবছরের এ সময় পণ্যটি আমদানি হয়েছিল ৩৩ হাজার ৬৮৫ টন। যার আমদানি মূল্য ৩৬৮ কোটি ৩৪ লাখ টাকা। এ হিসাব অনুযায়ী চলতি অর্থবছরের প্রথম আট মাসে পণ্যটি আমদানি বেড়েছে ৪২ হাজার ১ টন।






