সারাদেশ

কিশোরগঞ্জে ভাড়া বাসা থেকে পুলিশ সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার

কিশোরগঞ্জ শহরের নিউটাউন এলাকার একটি বাসা থেকে আমিনুল ইসলাম (৩০) নামে এক পুলিশ সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার (৭ এপ্রিল) রাত ১২ টার দিকে মরদেহটি উদ্ধার করে পুলিশ।

নিহত আমিনুল ইসলাম নেত্রকোনা জেলার মদন উপজেলার গঙ্গানগর গ্রামের আবদুল হামিদের ছেলে। তিনি গত চার বছর কিশোরগঞ্জ পিবিআইয়ে কর্মরত ছিলেন। নিউটাউন এলাকার শরীফুল ইসলামের বাসায় ভাড়া থাকতেন আমিনুল ইসলাম।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার দুপুরে সর্বশেষ পরিবারের সঙ্গে কথা বলেন আমিনুল। এরপর থেকে তার ব্যবহৃত মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যায়। পরে পরিবারের সদস্যরা বাসার মালিককে জানালে তিনি ঘরের দরজা বন্ধ দেখে ডাকাডাকি করে সারা না পেয়ে পুলিশকে জানান। পরে পুলিশ গিয়ে দরজা ভেঙে ঝুলন্ত মরদেহ উদ্ধার করে।

জানা যায়, ওই বাসায় স্ত্রী ও সন্তান নিয়ে থাকতেন আমিনুল। ঈদে স্ত্রী ও সন্তান বাড়িতে গ্রামের বাড়ি যাওয়ায় বাসায় একা ছিলেন তিনি। ঈদের ছুটি কাটিয়ে স্ত্রী–সন্তান রেখে শনিবার (৫ এপ্রিল) কর্মস্থলে ফেরেন আমিনুল। রোববার (৬ এপ্রিল) ডিউটি করলেও সোমবার ডিউটি ছিল না। কী কারণে এমনটি ঘটেছে, এ বিষয়ে কেউ কিছু জানাতে পারেননি।

নিউজ ডেস্ক:

Leave a Reply