ঈদুল ফিতরের ছুটি শেষে কর্মস্থলে ফিরছে মানুষ। এরই মধ্যে কোথাও কোথায় বাস ভাড়া নিয়ে শুরু হয়েছে ভোগান্তি। এরমধ্যে অতিরিক্ত ভাড়া নেওয়ার প্রতিবাদ করায় শেরপুরে এক যাত্রীকে ছুরিকাঘাত করেছেন বাসের হেলপার।
রোববার (৬ এপ্রিল) দুপুর ১২টার দিকে শেরপুর পৌর শহরের অষ্টমীতলা বাসস্ট্যান্ডে এ ঘটনা ঘটে।
আহত যুবকের নাম শাকিল মাহমুদ (২৩)। তিনি শেরপুরের নকলা উপজেলার বারইকান্দি গ্রামের বাসিন্দা। তাকে শেরপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয়রা জানান, ঝিনাইগাতী থেকে ঢাকাগামী তাকিফ পরিবহনের একটি বাসে অতিরিক্ত ভাড়া আদায় করা হচ্ছিল। নির্ধারিত ভাড়া ৫০০ টাকা হলেও যাত্রীদের কাছ থেকে জোরপূর্বক ৮০০ টাকা করে নিচ্ছিল বাস কর্তৃপক্ষ।






