গ্রামে প্রিয়জনের সঙ্গে ঈদের ছুটি কাটিয়ে ঢাকা ফিরছেন কর্মজীবী মানুষ। রাজধানীর কমলাপুর রেলস্টেশন, সদরঘাট লঞ্চঘাট ও বাস টার্মিনালগুলোতে শনিবারও দেখা গেছে ঢাকায় ফেরা মানুষের ভিড়। এদিকে টানা ৯ দিনের ছুটি শেষে আজ রোববার সব সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত ও আধা-স্বায়ত্তশাসিত অফিস খুলছে। ঈদযাত্রা নির্বিঘ্ন করতে বিশেষ ব্যবস্থায় বাড়তি এক দিন যোগ করে টানা ৯ দিনের ছুটির ব্যবস্থা করেছিল সরকার।
যানবাহনের চাপ নেই
এবার রাজধানীর প্রবেশমুখে ভিড় ও যানবাহনের চাপ নেই। গতকাল গাবতলী বাস টার্মিনালে দেখা গেছে, দেশের বিভিন্ন স্থান থেকে দূরপাল্লার বাসে করে মানুষ এসে নামছে। মহাখালী ও সায়েদাবাদ এলাকাতেও দেখা গেছে প্রায় একই চিত্র। যাত্রীরা জানান, এবার ঈদযাত্রা ছিল অনেকটাই স্বস্তির। বাড়ি যাওয়ার মতো ফেরার সময়ও তেমন ভোগান্তিতে পড়তে হয়নি। সাইফুল ইসলাম নামে এক যাত্রী বলেন, ‘কুষ্টিয়া থেকে এসেছি। রাস্তায় গাড়ির চাপ থাকলেও যানজট ছিল না, স্বস্তিতেই ফেরা গেছে।






