কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কে একুশে পরিবহনের যাত্রীবাহী বাস ধাওয়া করে ইট ছুড়ে চালককে আহত করার ঘটনায় ভিন্ন ভিন্ন বক্তব্য পাওয়া যাচ্ছে। আহত বাসচালক বলছেন, সেদিন (গত সোমবার) রাতে এক দল তরুণ মোটরসাইকেল নিয়ে বাসটিতে ডাকাতির চেষ্টা করেছিলেন।
আর পুলিশ বলছে, মোটরসাইকেলকে সাইড না দেওয়ায় ওই তরুণরা বাসচালকের ওপর হামলা চালিয়েছেন বলে জেনেছে তারা।
গত সোমবার রাত ২টার দিকে কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার বিপুলাসার বাজার সেতুর ওপর বাসে হামলার ঘটনা ঘটে। আহত বাসচালক রাকিব হোসেন সোহেল নোয়াখালী জেনারেল হাসপাতালের সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন। ইটের আঘাতে তাঁর নিচের মাড়ির সব দাঁত ও ডান কলার বোন ভেঙে গেছে। এ ঘটনায় থানায় জিডি করার প্রস্তুতি নিচ্ছেন বলে শনিবার জানিয়েছেন একুশে পরিবহনের মালিক জহিরুল ইসলাম তারেক।
সেদিন বাসটিতে থাকা সুপারভাইজার মো. রাহাত বলেন, ‘সোমবার ঈদুল ফিতরের দিন রাতে নোয়াখালীর সোনাপুরগামী বাস ঢাকা থেকে ৪০ যাত্রী নিয়ে নোয়াখালীর উদ্দেশে ছেড়ে যায়। বাসটি ১টার দিকে কুমিল্লা ক্যান্টনমেন্ট থেকে বিশ্বরোডের দিকে সড়কের পাশে বিসমিল্লাহ হোটেল অ্যান্ড পেট্রোল পাম্পে যাত্রাবিরতি করে। সেখান থেকে গাড়ি ছাড়ার পর ৮-১০টি নম্বরবিহীন মোটরসাইকেল আমাদের বাসটি অনুসরণ করে। বিষয়টি আমরা বাসমালিককে তাৎক্ষণিক অবহিত করি। লাকসাম বাইপাস পার হওয়ার পর বাস থামানোর জন্য মোটরসাইকেল আরোহীরা নানাভাবে চালককে সিগন্যাল দিতে থাকেন। এ সময় ডাকাতির চেষ্টা হচ্ছে আঁচ করতে পেরে চালককে বাস না থামিয়ে চালিয়ে যেতে অনুরোধ করি।’






