দিনাজপুরে ফেনসিডিলসহ আটকের পর এক ব্যক্তিকে পুলিশে দিয়েছে এলাকাবাসী। বুধবার সকালে সদর উপজেলার কমলপুর ইউনিয়নের দানিহারি ঢোলডাঙ্গা এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশে সোপর্দ করার আগে আরিফ হোসেন (২৮) নামের ওই ব্যক্তিকে শুরুতে পিটুনি দেওয়া হয়। পরে ডিম দিয়ে ভাত খাওয়ায় এলাকার লোকজন।
দানিহারি ঢোলডাঙ্গার বাসিন্দাদের ভাষ্য, আরিফ দীর্ঘদিন ধরে মাদক কারবারে জড়িত। বারবার সতর্ক করার পরও সে এ কারবার চালিয়ে আসছিল। বুধবার সকালে এলাকাবাসী আরিফকে ৯ বোতল ফেনসিডিলসহ আটক করে। পরে দিনাজপুর কোতোয়ালি থানায় জানানো হয়। এরই মধ্যে উত্তেজিত জনতা আরিফকে মারধর শুরু করে। পরে এলাকার কিছু লোক তাকে ডিম দিয়ে ভাত খাইয়ে পুলিশের কাছে তুলে দেয়।






