রাজবাড়ী সদর উপজেলার বরাট ইউনিয়নের হাউলি জয়পুর গ্রামে সালমা বেগম (৩০) নামে এক গৃহবধূকে শ্বাসরোধে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার সকালে তার নিজ ঘর থেকে গলায় ওড়না পেঁচানো মরদেহ উদ্ধার করে রাজবাড়ী সদর থানার পুলিশ।
নিহত সালমা একই গ্রামের সৌদি আরব প্রবাসী মো. আজাদের স্ত্রী। তার সাত বছর বয়সী একটি ছেলে ও তিন বছর বয়সী একটি মেয়ে রয়েছে।
নিহতের চাচাতো ভাই রাকিব জানান, সকালে চিৎকার শুনে বাড়ির লোকজন ছুটে গিয়ে ঘরের ভেতরে সালমার নিথর দেহ পড়ে থাকতে দেখেন। রাতে কে বা কারা সালমাকে মেরে রেখে গেছে। তার কোনো শত্রু ছিল না। সে সবার সঙ্গে হাসিমুখে কথা বলত। তার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। ঘটনার পর থেকে সালমার মোবাইল ফোন ও ঘরে রাখা প্রায় এক লাখ টাকা পাওয়া যাচ্ছে না বলে জানান তিনি।






