জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন বলেছেন, বাংলাদেশকে কখনই আধুনিক রাষ্ট্রের মর্যাদা ও দেশের নাগরিকের মর্যাদা দেওয়া হয়নি। আমরা আমাদের মর্যাদা ফেরত নেব। গণপরিষদ নির্বাচন ও সংবিধান পরিবর্তন না করে মাঠ ছাড়ব না।
শনিবার (২৯ মার্চ) বিকেলে ভোলা জেলা জাতীয় নাগরিক পার্টির আয়োজনে জেলা পরিষদ হলরুমে দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন
সামান্তা শারমিন বলেন, আমরা নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা এজন্য বলছি কারণ নতুন রাজনৈতিক বন্দোবস্তে এ দেশের তরুণরা এগিয়ে যাবে। আমরা সাহস দেখিয়েছি, সামনের পার্লামেন্টে প্রজ্ঞা দেখিয়ে ছাড়ব। গণপরিষদ নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের মানুষকে একটি সুন্দর নির্বাচন এবং সুন্দর সংবিধান উপহার দেব।
ভোলার গ্যাস প্রসঙ্গে সামান্তা শারমিন বলেন, গত ১৫ বছরে ভোলার দিকে কেউ নজর দেয়নি। কিন্তু আমরা এটাও দেখেছি, আগের আমলগুলোতে বড় বড় রাজনৈতিক দল বড় বড় কথা বলেছে। ভোলার দিকে তারা সুনজর ফেরাননি। ভোলার আর্থসামাজিক উন্নয়নে তাদের মনোযোগ ছিল না। কিন্তু ভোলা থেকে চাঁদাবাজি করে টেন্ডারবাজি করে টাকা উত্তোলন করে সে টাকায় নিজেদের জীবনমান উন্নয়ন করেছে। এসব পার্সনাল এজেন্ডা ভন্ডুল করে দেব। বাংলাদেশে সবচেয়ে বেশি গ্যাসক্ষেত্র আছে ভোলায়। কিন্তু ভোলার অধিবাসীরা ভোলার গ্যাসক্ষেত্র থেকে গ্যাস পাচ্ছে না। এটির সমাধান করার দৌলত কোনো রাজনৈতিক দলের হয় নাই। এনসিপি প্রতিজ্ঞা করছে ভোলার গ্যাসক্ষেত্রের গ্যাস আগে ভোলার অধিবাসীরা পাবে।






