পিরোজপুরের কাউখালীতে স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মো. জসিম উদ্দিনের ঈদ শুভেচ্ছার পোস্টার লাগানোর সময় নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের হামলার ঘটনা ঘটেছে। এতে সাতজন আহত হয়েছেন।
শুক্রবার (২৮ মার্চ) রাত ৯টার দিকে কাউখালি উপজেলার ৫ নম্বর শিয়ালকাঠি ইউনিয়ন পরিষদের সামনে এ হামলার ঘটনা ঘটে।
কাউখালী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোলায়মান বিষয়টি নিশ্চিত করেছেন।
আহতরা হলেন- ঢাকা মহানগর (উত্তর) ছাত্রদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক তারিকুল ইসলাম সুমন, উপজেলার ৫ নম্বর শিয়ালকাঠি ইউনিয়ন ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জোবায়ের হোসেন, কাউখালি উপজেলা ছাত্রদলের সদস্য বেল্লাল হোসেন, ৫ নম্বর শিয়ালকাঠি ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড ছাত্রদলের প্রস্তাবিত সভাপতি মফিজুল ইসলাম, সাধারণ সম্পাদক মো. রিয়াজ, ছাত্রদল কর্মী নাইম আকন, সেচ্ছাসেবক দল কর্মী মেহেদী হাসান এবং অটোরিকশা চালক কাওসার হোসেন।
স্থানীয় সূত্রে জানা যায়, কাউখালীতে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দল নেতার পোস্টার লাগানোর সময় উপজেলা ছাত্রদলের নেতাকর্মীদের ওপর ছাত্রলীগের নেতাকর্মীরা হামলা চালায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে পিরোজপুর জেলা হাসপাতালে পাঠায়।






