ঈদকে সামনে রেখে শুক্রবার ভোররাত থেকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানবাহনের চলাচল কয়েকগুণ বৃদ্ধি পেয়েছে। এছাড়া বৃহস্পতিবার দিবাগত রাত দেড়টার দিকে মহাসড়কের মুন্সীগঞ্জ অংশে একাধিক সড়ক দুর্ঘটনার কারণে মুন্সীগঞ্জের গজারিয়া অংশে শুক্রবার ভোররাত থেকে সৃষ্ট যানজট বেলা ১১টা পর্যন্ত লক্ষ্য করা গেছে।
যানজটের কবলে আটকা পড়ে চরম দুর্ভোগের কবলে পড়েছেন ঈদে ঘরমুখো যাত্রীরা। এমনকি যানজটে আটকে পড়া যানবাহনে থাকা নারী ও শিশুরা তীব্র গরমে অসুস্থ হয়ে পড়েছে। কখন মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক হবে তা নিশ্চিত করতে পারেনি দায়িত্বরত পুলিশের কর্মকর্তারা।
বৃহস্পতিবার মধ্যরাত ছাড়াও শুক্রবার সকালে বাউশিয়া এলাকায় মানা-বে ওয়াটার পার্কের সামনের মহাসড়কে প্রাইভেটকার ও পিকআপ ভ্যানের সংঘর্ষের কারণে যানজটের সৃষ্টি হয়। শুক্রবার বেলা ১১টার দিকে দুর্ঘটনা কবলিত গাড়ি দুটিকে হাইড্রোলিক রেকারের সাহায্যে দুর্ঘটনাস্থল থেকে সরিয়ে নেওয়ার কাজ শুরু করা হয়।






