ছেলেকে নাতি পিটিয়ে হত্যা করেছেন, এ জন্য মো. তমিজ উদ্দিনের মনে কোনো ক্ষোভ বা দুঃখ নেই। তাঁর একটাই কষ্ট, ছেলেকে পিটিয়ে মেরে ফেলার জন্য নাতিকে কারাগারে যেতে হচ্ছে। মাদকাসক্ত ছেলের অত্যাচারে অতিষ্ঠ তমিজ উদ্দিনের চাওয়া, আল্লাহ যেন এমন সন্তানের বাবা কোনো মানুষকে না করেন।
ছেলের মৃত্যুর পর আজ শুক্রবার গণমাধ্যমকর্মীদের কাছে এমন অনুভূতি প্রকাশ করেন এই বৃদ্ধ। জানা গেছে, নেশার টাকার জন্য তমিজকে তাঁর ছেলে চাপ দিয়েছিলেন। এতে ক্ষিপ্ত হয়ে তমিজের এক নাতি পিটিয়ে হত্যা করেন।
জানা গেছে, গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত পৌনে ২টার দিকে গাজীপুরের শ্রীপুর উপজেলার রাজাবাড়ী ইউনিয়নের নোয়াগাঁও গ্রামে এই হত্যাকাণ্ড ঘটে। নিহত যুবকের নাম সজীব আহমেদ (৩২)। তিনি মো. তমিজ উদ্দিনের ছেলে। পিটিয়ে হত্যার অভিযোগে আটক যুবকের নাম মো. সৈকত আহমেদ (১৮)। সজীব অভিযুক্ত সৈকতের চাচা। পুলিশ সৈকতকে আটক করেছে। তিনি একটি কলেজের শিক্ষার্থী।






