জাতীয়

প্রধানমন্ত্রীর ক্ষমতা কমানোর পক্ষে নয় বিএনপি

প্রধানমন্ত্রীর ক্ষমতা কমানোর পক্ষে নয় বিএনপি। পাঁচ সংস্কার কমিশনের সুপারিশ বিষয়ে জাতীয় ঐকমত্য কমিশনে দেওয়া বিএনপির মতামত পর্যালোচনায় এমনটি উঠে এসেছে।

সংবিধান সংস্কার কমিশন প্রস্তাব করেছিল– নিম্নকক্ষের সংখ্যাগরিষ্ঠ সদস্যের সমর্থনে নির্বাচিত প্রধানমন্ত্রীর নেতৃত্বে মন্ত্রিসভা নির্বাহী ক্ষমতা প্রয়োগ করবে। বিএনপি এতে একমত হয়নি।

সংস্কার কমিশন প্রস্তাবিত জাতীয় সাংবিধানিক কাউন্সিল (এনসিসি) গঠনের পক্ষে নয় দলটি। আইনের মাধ্যমে নির্বাচন কমিশন, কর্ম কমিশনসহ সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোতে নিয়োগ চায়। এতে কার্যত প্রধানমন্ত্রীর হাতে থাকবে নিয়োগের ক্ষমতা।

সংস্কার কমিশন সুপারিশ করেছে– নিম্নকক্ষ ও উচ্চকক্ষে দুই-তৃতীয়াংশ সমর্থন থাকলেও সংবিধান সংশোধনে গণভোট লাগবে। বিএনপি সংবিধান সংশোধনে গণভোট চায় না।

গত ৫ মার্চ সংস্কার-বিষয়ক পাঁচটি কমিশনের ১৬৬টি সুপারিশ বিষয়ে মতামত জানাতে রাজনৈতিক দলগুলোর কাছে ‘স্প্রেডশিট’ পাঠায় প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন ঐকমত্য কমিশন। গত রোববার বিএনপি এ বিষয়ে মতামত জানিয়েছে।

 

সংবিধান সংস্কারের ৭০টি সুপারিশের মধ্যে ১১টিতে একমত ও তিনটিতে নীতিগতভাবে ঐকমত্য প্রকাশ করেছে তারা। ছয়টি সুপারিশের সঙ্গে আংশিক একমত হয়েছে দলটি। বিএনপি যে ২০ প্রস্তাবের সঙ্গে আংশিক বা পুরো একমত, সেগুলো তারা আগামী সংসদে বাস্তবায়ন চায়।

কমিশন জানতে চেয়েছিল– অধ্যাদেশ, নির্বাচনের আগে গণভোট, নির্বাচনের সময় গণভোট, গণপরিষদ নির্বাচন, নির্বাচনের পর সাংবিধানিক সংস্কার নাকি গণপরিষদ ও আইনসভা নির্বাচনে নির্বাচিত সংসদের মাধ্যমে সুপারিশ বাস্তবায়ন করা হবে? সেখানে দলটি সংসদকে প্রাধান্য দেয়।

নিউজ ডেস্ক:

Leave a Reply