বরিশালের মুলাদীতে ছাত্রদলের এক নেতা প্রবাসীর স্ত্রী ও টাকা-স্বর্ণালংকার নিয়ে এলাকা ছেড়েছেন । পার্শ্ববর্তী গ্রামের এক প্রবাসীর স্ত্রীকে ভাগিয়ে নেওয়ার অভিযোগ ওঠে উপজেলার নাজিরপুর ইউনিয়ন ছাত্রদল সাধারণ সম্পাদক ইব্রাহীম সিকদারের বিরুদ্ধে।রোববার (২৩ মার্চ) সন্ধ্যায় তিনি ৩ সন্তানের জননীকে নিয়ে যান। এ ঘটনায় সোমবার সকালে ওই প্রবাসীর মেয়ে বাদী হয়ে ইব্রাহীম সিকদারসহ ৪ জনকে আসামি করে মুলাদী থানায় মামলা করেছেন।
ইব্রাহীম সিকদার উপজেলার নাজিরপুর ইউনিয়নের চরনাজিরপুর গ্রামের রেজাউল সিকদারের ছেলে।
প্রবাসীর মেয়ে মামলায় উল্লেখ করেন, ছাত্রদল নেতা ইব্রাহীম গত বছর ৫ আগস্টের পরে এলাকায় ফেরেন। এরপর থেকে বিভিন্ন সময়ে তিনি প্রবাসীর স্ত্রীকে কুপ্রস্তাব দিয়ে উত্ত্যক্ত করে আসছিলেন। বিষয়টি ছাত্রদল নেতার পরিবার ও স্থানীয়দের অবহিত করে তাকে সতর্ক করা হয়। এতে ছাত্রদল নেতার পরিবারের সদস্যরা ক্ষিপ্ত হয়ে গালিগালাজ করেন। রোববার সন্ধ্যায় ইব্রাহীম সিকদার প্রবাসীর বাড়িতে যান এবং তার স্ত্রী ও টাকা-স্বর্ণালংকার নিয়ে যান।






