খুলনার তেরখাদা থেকে গতকাল রোববার উদ্ধার করা মরদেহের পরিচয় মিলেছে। নিহত নারীর নাম সাকিরন বেগম (৪৫)। স্ত্রীর মর্যাদা ও টাকা ফেরত চাওয়ায় তাকে পিটিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় তার স্বামী আনিচ সরদার ও দ্বিতীয় স্ত্রী আঙ্গুরা বেগমসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
তেরখাদা থানা পুলিশ জানায়, গতকাল রোববার সকালে খুলনার তেরখাদার বিজয়নগর গ্রামের একটি কলাবাগান থেকে অজ্ঞাতপরিচয় নারীর মরদেহ উদ্ধার করা হয়। পরে তার পরিচয় শনাক্ত করা গেছে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে। পুলিশ তথ্য প্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে রোববার রাতে নড়াইল জেলার কালিয়া থানা এলাকা থেকে স্বামী আনিচ সরদার, তার দ্বিতীয় স্ত্রী আঙ্গুরা বেগম ও আকছির সরদারকে গ্রেপ্তার করেছে। তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।






