ন্যান্সির মা বিএনপির সাংস্কৃতিক সংগঠন জাসাসের সভাপতি ছিলেন উল্লেখ করে ন্যান্সি লেখেন, ‘আমার মা আমৃত্যু নেত্রকোনা জেলা জাসাসের সহসভাপতি ছিলেন (২০১২ সালে তিনি মৃত্যুবরণ করেন)। অথচ পুলিশ ফোর্স জানাল তাদের কাছে গোপন সূত্রে খবর আছে আমার বাসা নাকি জামায়াত-শিবির জঙ্গির আস্তানা! তারা বাড়ি তল্লাশি করবে। আমি অসম্মতি জানালে এসএসসি পরীক্ষার্থী আমার ছোট ভাইকে তারা তুলে নিয়ে যেতে চাইল। আমার সঙ্গে অনেক বাগবিতণ্ডার পর তারা চলে গেলেন। বাধ্য হয়ে আমি প্রেস কনফারেন্স করলাম। আমি মিথ্যা মামলা থেকে বাঁচলাম কিন্তু হয়রানি বন্ধ হলো না। হয়রানির তালিকা লম্বা, অনেকেই নিশ্চয়ই জানেন। যারা জানেন না তারা আমার কমেন্ট বক্সে গিয়ে বাংলাভিশনের ইন্টারভিউ দেখে নিবেন।’
গানের শো বাতিল হওয়া নিয়ে এ গায়িকা লেখেন, ২০১৪ সাল থেকে একের পর এক স্টেজ শো বাতিল হতে থাকলো। সিনেমার গান- সে তো স্বপ্ন! আমার প্রায় ৩০ লাখ ফলোয়ার এর ফেসবুক পেজ গায়েব হয়ে গেল যেন আমার কথা মানুষের কাছে না পৌঁছায়! আমার জানামতে ২০১৪ সালে শিল্পীদের মধ্যে ফেসবুকে অর্গানিকভাবে সবচাইতে বেশি ফ্যান-ফলোয়ার ছিল আমার। এমনকি নতুন করে যে ফেসবুক আইডি খুলতাম সেটাই কিছুদিন পর লাপাত্তা হয়ে যেত!’
আওয়ামী লীগ সরকারের আমলে ন্যান্সির জীবন কিভাবে দুর্বিষহ হয়ে ওঠে তার বর্ণনা দেন। এ প্রসঙ্গে এ গায়িকা লেখেন, ‘২০১৪ সালে অবৈধভাবে আওয়ামীলীগ ক্ষমতায় আসার পর বিএনপি সমর্থক আমার জীবন দুর্বিষহ হয়ে গেল। ততদিনে চেনা মুখগুলো অচেনা হতে শুরু করল। আওয়ামী সমর্থকদের তখন জোর দাবি- শেখ হাসিনাকে নিয়ে কটূ কথা বলা এই আমাকে কেন জাতীয় পুরস্কার দেওয়া হলো? অথচ আমি একটি রাজনৈতিক দলের সমালোচনা করেছিলাম মাত্র! ওদের ভাব এমন যেন জাতীয় পুরস্কার প্রাপ্তি আমার অর্জন নয় কিংবা বাংলাদেশ সরকার এই সম্মাননা দেয়নি, স্বয়ং শেখ হাসিনা বুঝি ভিক্ষা দিয়েছেন!’






