ঠাকুরগাঁওয়ে মুক্তিপণের ২৫ লাখ টাকা দিয়েও জীবিত ফেরা হলো না ২৩ বছর বয়সী মিলন হোসেনের। অনলাইনে প্রেমের ফাঁদে ফেলে মিলন হোসেনকে অপহরণ করেছিল তার বন্ধুসহ একটি চক্র। অবশেষে সেই বন্ধুর বাসার পাশে একটি পরিত্যক্ত টয়লেটের নিচ থেকে পাওয়া গেল মিলনের গলিত মহদেহ। এ ঘটনায় পুলিশ তিনজনকে গ্রেপ্তার করেছেন।
ঠাকুরগাঁওয়ের পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম বলেন, অপহরনকারীদের দেওয়া তথ্যের ভিত্তিতেই বুধবার গভীর রাতে সদর উপজেলার জামালপুর ইউনিয়নের শিবগঞ্জ মহেশপুর বিট বাজার এলাকার সিজান আলীর বাড়ির পাশের একটি পরিত্যক্ত টয়লেটের নিচ থেকে মিলনের গলিত লাশ উদ্ধার করা হয়।
এ ঘটনায় বিক্ষুব্ধরা সিজান নামের এক আসামির বাড়িতে অগ্নিসংযোগ করে। এদিকে হত্যার বিচার চেয়ে জেলা প্রশাসকের কার্যালয় ঘেরাও করে এলাকাবাসীরা। পরে জেলা প্রশাসক ইসরাত ফারজানা হত্যায় জড়িতদের আইনের আওতায় এনে সুষ্ঠু বিচার করা হবে বলে আশ্বস্ত করেন।






