দেশের প্রথম সারির গণমাধ্যম দৈনিক যায়যায়দিনের ডিক্লারেশন ফিরিয়ে দিতে সংশ্লিষ্ট প্রশাসনকে ৩ দিনের আলটিমেটাম দিয়েছেন সাংবাদিক নেতারা। আজ শনিবার সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে যায়যায়দিনের ডিক্লারেশনের বাতিলের প্রতিবাদে আয়োজিত এক মানববন্ধন থেকে এই দাবি জানানো হয়।
সাংবাদিক নেতারা বলেন, কোনো ধরনের নোটিশ ছাড়াই বিশেষ মহলের ইন্ধনে সরকার একটি গণমাধ্যমকে বন্ধ করে দিতে পারে না। কিন্তু যায়যায়দিনের ক্ষেত্রে তাই-ই করা হয়েছে। যা গণতন্ত্র ও মানুষের মতপ্রকাশের স্বাধীনতার পরিপন্থী। শুধু তাই নয়, চলমান রমজান ও ঈদের ঠিক আগমুহূর্তে এ ধরনের সিদ্ধান্ত চাপিয়ে দেওয়ায় শতশত সংবাদকর্মীদের জীবন-জীবিকা হুমকির মুখে পড়েছে। তাই কোনও গরিমসি না করে দ্রুত যায়যায়দিনের ডিক্লারেশন ফিরেয়ে দিতে হবে। তা না করা হলে সাংবাদিকরা দেশব্যাপী বৃহত্তর আন্দোলনে নামবে।
মানববন্ধনে ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) সাধারণ সম্পাদক খুরশিদ আলম বলেন, দীর্ঘদিন ধরেই আমরা সংবাদপত্রের স্বাধীনতা ও সাংবাদিকদের অধিকার নিশ্চিতে সংগ্রাম করে যাচ্ছি। কিন্ত দেখা যাচ্ছে দেশ থেকে ফ্যাসিবাদ গেলেও সংবাদপত্র ও সংবাদকর্মীদের জীবিকা অনিশ্চয়তার মধ্যেই রয়ে গেছে।
তিনি বলেন, উচ্চ আদালতের নির্দেশ সত্ত্বেও ঢাকা জেলা প্রশাসক দখলদার শফিক রেহমান ও বিশেষ শিল্পগোষ্ঠেীর স্বার্থ রক্ষায় অনৈতিকভাবে দৈনিক যায়যায়দিনের ডিক্লারেশন বাতিল করেছে। সকল সংবাদকর্মীর পক্ষ থেকে আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। স্বল্প সময়ের মধ্যে এই পত্রিকার ডিক্লারেশন ফিরিয়ে দেওয়ার দাবি জানাই।
এই সাংবাদিক নেতা আরও বলেন, গণঅভ্যুত্থানের মধ্যদিয়ে ইউনূস সরকার ক্ষমতায় এসেছে। অথচ তার সরকার ক্ষমতায় আসার সাথে সাথেই গণমাধ্যম বন্ধের মতো জনবিরোধী সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আমরা সরকারকে বলে দিতে চাই, এমন কোনও সিদ্ধান্ত নেবেন না যা আমাদের রাস্তায় নামতে বাধ্য করে। অতীতে কোনও সরকার সাংবাদিক সমাজের বিরুদ্ধে গিয়ে সফল হয়নি আপনারাও হবেন না।






